ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের বাড়ির বরাদ্দ বাতিলের ব্যাপারে বিএনপির পক্ষ থেকে আদালতে যাওয়ার যে হুমকি দেওয়া হয়েছে তা আইনগতভাবে মোকাবেলা করবে সরকার।
বুধবার গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান তার সচিবালয়ের কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "সরকার অবশ্যই বিষয়টি আইনগতভাবে মোকাবেলা করবে। আমরা আশা করব, তারা নিজেরাই আদালতের রায় মেনে নেবেন।"
বিএনপির পক্ষ থেকে সরকারকে যে নোটিশ দেওয়া হয়েছে সে বিষয়ে তিনি বলেন, "জবাব দেওয়া না দেওয়া সরকারের ইচ্ছার ব্যাপার।"
তিনি খালেদা জিয়াকে বাড়িটি ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, "এই পরিবারটি সবচেয়ে বেশি সরকারি সুবিধাভোগী পরিবার। তিনি একাধিকবার নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। আমরা আশা করব, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তিনি নিজেই বাড়িটি ছেড়ে দেবেন।"
২০ এপ্রিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ১৫ দিনের মধ্যে তার সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশ দেয়
সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর।
এরপর ২৩ এপ্রিল ওই নোটিশ ৫ দিনের মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়ে সরকার এবং সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরকে উকিল নোটিশ পাঠান খালেদা জিয়া।
খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন কুরিয়ার ও রেজিস্টার্ড ডাকযোগে সংশ্লিষ্টদের এই নোটিশ পাঠান।
নোটিশ পাঠানোর পর ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, "৫ দিনের মধ্যে বাড়ি ছাড়ার ওই নোটিশ প্রত্যাহার না করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
এর আগে মন্ত্রিসভা গত ৮ এপ্রিল খালেদা জিয়ার সেনানিবাসের বাড়িটির ইজারা বাতিল করে।
সরকার বলছে, এক ব্যক্তিকে দুটি বাড়ি ইজারা দেওয়া আইনসম্মত নয়।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে এক সেনা অভ্যুত্থানে নিহত হওয়ার পর তার বিধবা স্ত্রী খালেদাকে সেনানিবাসের বাড়িটি ছাড়াও গুলশানে একটি বাড়ি দেওয়া হয়েছিল।
সেনানিবাসের ৬ মইনুল রোডের বাড়িটি এর আগে সেনাপ্রধানের বাসভবন হিসেবে ব্যবহৃত হতো।
মন্ত্রিসভার সিদ্ধান্তের এক সপ্তাহ আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বাড়িটি নিজে থেকে ছেড়ে দেওয়ার জন্য বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে অনুরোধ করেন। সেদিন তিনি ওই বাড়ির স্থানে ফ্ল্যাট তৈরি করে তা বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারকে দেওয়ার প্রস্তাব করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/জিএনএ/১৪০২ ঘ.
bdnews24