২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমন্বয়কের বক্তব্য তদন্তে প্রভাব ফেলছে: দেলোয়ার

পিলখানার ঘটনা তদন্তে গঠিত কমিটিগুলোর সমন্বয়ক বাণিজ্যমন্ত্রী ফারুক খানের প্রতি ইঙ্গিত করে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন অভিযোগ করেছেন, তদন্ত প্রতিবেদন তৈরির আগে এ সম্পর্কিত তার একের পর এক বক্তব্য তদন্ত কাজে প্রভাব ফেলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2009, 11:59 AM

Updated : 26 Aug 2022, 11:12 AM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানার ঘটনা তদন্তে গঠিত কমিটিগুলোর সমন্বয়ক বাণিজ্যমন্ত্রী ফারুক খানের প্রতি ইঙ্গিত করে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন অভিযোগ করেছেন, তদন্ত প্রতিবেদন তৈরির আগে এ সম্পর্কিত তার একের পর এক বক্তব্য তদন্ত কাজে প্রভাব ফেলছে। বুধবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি কথা বলেন। দেলোয়ার বলেন, "তিনটি তদন্ত কমিটির প্রধান থাকা সত্ত্বেও একজন রাজনীতিক ও মন্ত্রীকে সমন্বয়কারী করে রাজনীতিকীকরণ করা হয়েছে। সমন্বয়কারী হয়ে উনি কী কাজ করবেন? তদন্ত প্রতিবেদনের আগেই একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছেন। এর মাধ্যমে তদন্ত প্রক্রিয়া প্রভাবিত হচ্ছে।" সংবাদ ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব মঙ্গলবার রাতে স্থায়ী কমিটির বৈঠকে গৃহীত প্রস্তাব তুলে ধরেন। প্রস্তাবে বেসামরিক প্রশাসনে বিরাজমান অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করে বলা হয়, সরকারকে দলীয় সংকীর্ণ দৃষ্টিভঙ্গী পরিহার করতে হবে। দলীয় ভিত্তিতে চিহ্নিত করে সরকার প্রশাসনকে কার্যত অচল করে ফেলেছে। এছাড়া পাঠ্যবই সংকট, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকটসহ দ্রব্যমূল্য কমানোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহবান জানানো হয়েছে। পিলখানার ঘটনার সুষ্ঠু ও স্বচ্ছ তদন্তের দাবি পুনর্ব্যক্ত করে বিএনপি মহাসচিব বলেন, "তদন্তে রাজনীতিকীকরণ কোনোভাবে গ্রহনযোগ্য নয়। সমন্বয়কারী প্রতিদিন কথা বলছেন। এতে জনমনে ধারণা জন্মেছে যে, সরকার ইচ্ছামত তদন্তকে একটি ধারায় নিয়ে যেতে চায়। নিরপেক্ষ তদন্ত না হলে এরকম পরিস্থিতি ভবিষ্যতে আরও হতে পারে।" খোন্দকার দেলোয়ার বলেন, "দলের স্থায়ী কমিটি মনে করে, সরকার ও প্রশাসন বিডিআর ঘটনার যে তদন্ত চালাচ্ছে তাতে পক্ষপাতদুষ্ট ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তের টামর্স অফ রেফারেন্স সীমিত করে কমিটির হাত-পা বেঁধে দেওয়ায় সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।" জাতীয় সংসদে বিএনপিকে বিরোধী দলের ভূমিকা পালন করতে দিচ্ছে না অভিযোগ করে তিনি বলেন, "দলের স্থায়ী কমিটি সরকারের কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছে। সংসদকে সরকারি দল ও স্পিকার বিরোধী দলের বিরুদ্ধে ভিত্তিহীন প্রচারণার কেন্দ্রে পরিণত করেছে। এর ফলে সংসদ অকার্যকর হয়ে পড়েছে।" বিএনপি মহাসচিব জানান, দুর্নীতি দমন কমিশনের কর্মকাণ্ড সর্ম্পকে দলের স্থায়ী কমিটি উদ্বেগ প্রকাশ করে বলেছে, বর্তমানে এ প্রতিষ্ঠানটি সম্পূর্ণ অকার্যকর ও সরকারের ক্রীড়নক হিসেবে ভূমিকা পালন করছে। তারা বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে প্রচারণা ও ভিত্তিহীন মামলা দায়েরের মাধ্যমে সরকারের আস্থাভাজন হবার প্রয়াস চালাচ্ছে।" স্থায়ী কমিটি দুর্নীতি দমন কমিশনকে কার্যকর প্রতিষ্ঠান হিসেবে পুনর্গঠনের দাবিও জানিয়েছে বলে জানান তিনি। দেলোয়ার জানান দলের স্থায়ী কমিটির ওই বৈঠকে অর্থনৈতিক মন্দা মোকাবেলায় সরকারের আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয়েছে। চৌধুরী তানভীর সিদ্দীকিকে অব্যাহতি দেওয়ার কথা উল্লেখ করে মহাসচিব বলেন, "দলের গঠনতন্ত্রের ৫(ঘ) ধারায় শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাকে অব্যহতি দেওয়া হয়েছে। উনি সম্মান্বিত ব্যক্তি বলে অব্যাহতি দেওয়া হয়। বহিস্কার শব্দটি কঠিনক্ষেত্রে ব্যবহার হয়। এটা নিয়ে আর রশি টানাটানি করবেন না।" বাগেরহাট-১ আসনে উপনির্বাচনে শেখ হেলাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার প্রসঙ্গ টেনে খোন্দকার দেলোয়ার বলেন, "১৩ বছরের সাজাপ্রাপ্ত শেখ হেলাল বিনা প্রতিদ্বন্দ্বিতাতায় নির্বাচিত হয়েছেন। দুর্নীতির মামলায় সরকারি দলের অনেকে জামিন পেয়েছেন। অন্যদিকে আমাদের জিয়াউল হক জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। এভাবে আইন নিজস্ব গতিতে চলাচ্ছে সরকার-যা দুঃখজনক।" সংবাদ ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির সাংসদ বকরত উল্লাহ বুলু, আমান উল্লাহ আমান, নাজিমউদ্দিন আলম, খায়রুল কবীর খোকন, হাবিবুল ইসলাম হাবিব, নীলুফার চৌধুরী মনি, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এইচএ/১৭৫৩ঘ.