২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লতিফ বিশ্বাসের বিরুদ্ধে নির্বাচন বিধি ভঙ্গের সত্যতা পাওয়া যায়নি

মৎস্য ও পশু সম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসসহ ছয়জনের বিরুদ্ধে উপজেলা নির্বাচনে আচরণ বিধি লংঘনের অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দায়ের করা মামলার বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনে একথা বলা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2009, 07:07 PM

Updated : 26 Aug 2022, 11:06 AM

সিরাজগঞ্জ, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ ২৪ ডটকম) - মৎস্য ও পশু সম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসসহ ছয়জনের বিরুদ্ধে উপজেলা নির্বাচনে আচরণ বিধি লংঘনের অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দায়ের করা মামলার বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনে একথা বলা হয়। মঙ্গলবার সিরাজগঞ্জের বিচারিক হাকিম মো. সিরাজউদ্দীন ইকবাল তার এ প্রতিবেদন আমলী আদালতে পাঠানোর নির্দেশ দেন। প্রতিবেদনে এ ছয়জনের কারও বিরুদ্ধে উপজেলা নির্বাচন বিধিমালা লংঘনের তথ্য পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়, বিচার বিভাগীয় তদন্তের জন্য গত ১৬, ১৯ ও ২২ ফেব্র"য়ারি মামলার ৯ সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়। অধিকাংশ সাক্ষী তাদের জবানবন্দিতে নির্বাচন কমিশনের (ইসি) আনীত অভিযোগ সম্পর্কে সুনির্দিষ্টভাবে কোনো কিছু উল্লেখ করেননি। সাক্ষীদের মধ্যে রয়েছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর, পুলিশ সুপার মো. আলমগীর রহমান, রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল কাইউম সরকার, বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসির উদ্দীন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মোশারফ হোসেন, সোহাগপুর নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবুল হোসেন, একই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা মাসুদ করিম ও বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরমান হোসেন। আসামি পক্ষের আইনজীবী কায়সার আহম্মেদ লিটন ও আনোয়ার পারভেজ লিমন বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে রাজনৈতিকভাবে হেয় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাবমুর্তি খর্ব করার জন্য ইসি মন্ত্রীসহ ৬ জনের নামে মিথ্যা মামলা দায়ের করে। তিনি আরও বলেন, "এরই মধ্যে ৯ সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে। কিন্তু অভিযোগের কোনো সত্যতা মেলেনি। আগামী ৩ মার্চ শুনানি শেষে মামলাটি খারিজ হয়ে যাবে বলে আমরা আশা করছি।" গত ২২ জানুয়ারি উপজেলা নির্বাচনের দিন সিরাজগঞ্জের বেলকুচিতে মন্ত্রীর উপস্থিতিতে আওয়ামী লীগ দলীয় নেতা-কর্মীদের ভোট কেন্দ্র দখল, জাল ভোট প্রদান ও ভোটারদের ইচ্ছার বিরুদ্ধে ভোট দানে বাধ্য করার অভিযোগে ইসি ওইদিন ভোটাভুটি স্থগিত করে। গত ৫ ফেব্র"য়ারি ইসির পক্ষে সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা-১ নীতিশ চন্দ্র দে বাদী হয়ে সিরাজগঞ্জ বিচারিক হাকিম আদালতে মন্ত্রী লতিফসহ পাঁচজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/টিআর/০১০৫ ঘ.