২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতা-কর্মীদের ওপর 'নিপীড়ন-নির্যাতন' বন্ধের দাবি

সারাদেশে দলীয় নেতা-কর্মীদের ওপর ক্ষমতাসীন দলের 'নির্যাতন' ও 'মিথ্যা মামলা দায়ের' অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2009, 12:59 PM

Updated : 26 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাদেশে দলীয় নেতা-কর্মীদের ওপর ক্ষমতাসীন দলের 'নির্যাতন' ও 'মিথ্যা মামলা দায়ের' অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ। তিনি অভিযোগ করেন, সারাদেশে তৃণমূল পর্যায়ে বিএনপির নেতা-কর্মীদের ওপর ক্ষমতাসীন দল নিপীড়ন-নির্যাতন চালাচ্ছে। তা অবিলম্বে বন্ধ না করা হলে সরকারকে চরম মূল্য দিতে হবে বলে মওদুদ হুঁশিয়ারি উচ্চারণ করেন। মতিঝিলে নিজ চেম্বারে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। বিএনপির এ জ্যেষ্ঠ নেতা আরো অভিযোগ করেন, তৃণমূল পর্যায়ে বিএনপির পুনর্গঠনেও পদে পদে শাসকদল প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এ প্রসঙ্গে তিনি নোয়াখালীর কবিরহাটের ঘোষবাগ ও চাপরাশির হাট ইউনিয়নে স্থানীয় সম্মেলন না করতে দেওয়ার ঘটনা উল্লেখ করেন। সাবেক এই আইনমন্ত্রী গত ১৭ নভেম্বর নোয়াখালীর কবিরহাটে কথিত যুবলীগ সন্ত্রাসীদের হাতে এক কিশোরী ধর্ষিত হওয়ার ঘটনা বর্ণনা করে বলেন, "এ ধরনের ঘটনা নজিরবিহীন। পুলিশ দুইজনকে গ্রেপ্তার করলেও বাকীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।" তিনি নোয়াখালীর কবিরহাটের আইন-শৃঙ্খলা পরিস্থিতির 'চিত্র' তুলে ধরে বলেন, "গত ১১ মাসে অন্তত ৫০টি সন্ত্রাসী ঘটনা ঘটেছে। ৪শ'নেতা-কর্মী ঘরছাড়া। বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে 'মিথ্যা' ও 'হয়রানিমূলক' ৩৭টি মামলা দায়ের করা হয়েছে। এমন কোনো দিন নেই যে, দুই-একটা সন্ত্রাসী ঘটনা ঘটাচ্ছে না ক্ষমতাসীন দলের লোকজন।" এক প্রশ্নের জবাবে বিএনপি স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় ছিলো। ওই সময়ও আইন-শৃঙ্খলার এরকম পরিস্থিতি সৃষ্টি হয়নি। কবিরহাটে কিশোরী ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারে স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৮৪৪ ঘ.