সিলেট, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিপক্ষ গ্র"পের হামলায় রোববার সিলেট মহানগরের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলন পণ্ড হয়ে গেছে।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য প্রয়াত সাইফুর রহমান অনুসারীদের হামলা ও ভাংচুরের কারণে জেলা বিএনপির আহ্বায়ক ইলিয়াস আলীর অনুসারীরা সম্মেলন করতে পারেননি বলে অভিযোগ করা হয়।
নাম প্রকাশ না করে দলের একাধিক নেতা জানান, নগরীর জালালাবাদ এলাকায় একটি মাঠে ইলিয়াস অনুসারীরা সম্মেলনের আয়োজন করেন। শুরু হওয়ার কিছুক্ষণ আগে সাইফুর অনুসারীরা হামলা চালায়।
এ সময় তারা সম্মেলনের ব্যানার ছিনিয়ে নিয়ে যায় এবং সম্মেলন মঞ্চে ভাঙচুৃর চালায়। তাদের হাতে ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক লল্লিক আহমদ ও ছাত্রদল নেতা আ ফ ম কামাল শারীরিকভাবে লাঞ্ছিতও হন।
এ ঘটনার প্রতিবাদে ইলিয়াস অনুসারীরা সম্মেলন না করে ওই স্থানে সন্ধ্যায় প্রতিবাদ সভা করে।
এতে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা শামসুজ্জামান, আবদুল কাইয়ূম জালালী, মহানগর ছাত্রদল সভাপতি জিয়াউল গণি আরেফিন প্রমুখ।
তারা হামলার জন্য সাইফুর অনুসারীদের দায়ী করেন।
এব্যাপারে জানতে চাইলে সাইফুর অনুসারী হিসেবে পরিচিত দলের মহানগর আহবায়ক শাহরিয়ার হোসেন কোনো মন্তব্য করতে রাজি হননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/০০১৬ঘ.
bdnews24