ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলের ওপর দমনপীড়ন বন্ধ করে সরকারকে 'গণতন্ত্রী' হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। রোববার বিকেলে এক প্রতিবাদ সমাবেশে তিনি এই আহবান জানান।
দেলোয়ার বলেন, ''ধমক দিয়ে দেশ শাসন করা যাবে না। দেশের মানুষ তা মেনে নেবে না। স্বৈরাচারী মনোভাব পরিহার করে গণতন্ত্রী হোন, গণতান্ত্রিক আচরণ করুন।''
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়া, তারেক রহমানসহ দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে 'মিথ্যা মামলা' দায়েরের প্রতিবাদ ও দলের যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, সাবেক সাংসদ নাসিরউদ্দিন আহমেদ ও ওয়ার্ড কাউন্সিলর আরিফুল রহমান আরিফের মুক্তির দাবিতে এই সমাবেশ করে বিএনপি।
দেলোয়ার অভিযোগ করেন, সরকার জাতিকে বিভক্ত করে এক বিশেষ দেশের স্বার্থ রক্ষায় কাজ করছে। তারা একদলীয় শাসন পুনঃপ্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে।
তিনি গয়েশ্বর চন্দ্রসহ কারাবন্দি নেতাদের অবিলম্বে মুক্তি দাবি করে বলেন, ''আমাদের নেতাদের মুক্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম চলবেই।''
সমাবেশ থেকে আগামী ২০ অক্টোবর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর বিএনপির উদ্যোগে আরেকটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে খোন্দকার দেলোয়ার সরকারের বিরুদ্ধে সর্বক্ষেত্রে দলীয়করণ, বিচার বিভাগের ওপর হস্তক্ষেপের অভিযোগ করেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ''সরকার সবক্ষেত্রে দলীয়করণ করছে। তারা স্বাধীন বিচার বিভাগের বিচারকদের ওপর খবরদারি করছেন। সরকারের উকিলরা বিচারককে বিরোধী দলের মামলায় রুল না দিতে চাপ দিচ্ছেন। এটা বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ। এ রকম আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।''
বিএনপি মহাসচিব তত্ত্বাবধায়ক সরকার আমলে দায়ের করা রাজনৈতিক মামলা প্রত্যাহারের বিষয়ে সরকারের নীতিকে 'প্রতারণা ও পক্ষপাতদুষ্ট' অভিহিত করে বলেন, ''একদিকে আওয়ামী লীগের সব বড় বড় মামলা প্রত্যাহার করা হচ্ছে। অন্যদিকে বিএনপি নেত্রী খালেদা জিয়াসহ দলের নেতাদের কোনো মামলাই প্রত্যাহার করা হচ্ছে না। জনগণকে বিভ্রান্ত করতে তারেক রহমানের একটি মামলা প্রত্যাহারের কথা বলা হয়েছে। অথচ ওই মামলায় প্রধান আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করে তাতে তারেক রহমানকে জড়ানো হয়েছে। এটি মিথ্যা মামলা।''
তিনি খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে আরও মামলা দায়েরের উদ্দেশ্যে গ্রেপ্তারকৃত নেতাদের কাছ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায়ের জন্য রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে বলেও অভিযোগ করেন।
দারিদ্র্য বিরোধী জনসমাবেশে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার না যাওয়ার সিদ্ধান্তকে 'সঠিক' অভিহিত করে দেলোয়ার বলেন, ''প্রধানমন্ত্রীর বক্তব্য অসৌজন্যমূলক। সংসদের প্রধান হুইপও বক্তব্য দিয়েছেন। এ থেকে বিরোধী দলীয় নেত্রীর ওই সমাবেশে না যাওয়াটাই সঠিক ছিল।''
সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির স্থ'ায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, যুগ্ম মহাসচিব মির্জা আব্বাস, সেলিমা রহমান, অধ্যাপক আবদুল মান্নান, বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, সাংসদ বরকত উল্লাহ বুলু, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, আবুল খায়ের ভূঁইয়া, সাবেক সাংসদ মসিউর রহমান, নাজিম উদ্দিন আলম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবীর খোকন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান, জাসাসের সাধারণ সম্পাদক বাবুল আহমেদ, ছাত্র দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/এইচএ/২১৪৬ ঘ.
bdnews24