২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানান্তরিত বিশেষ আদালত ফিরিয়ে আনার আবেদন

ঢাকার বাইরে সরিয়ে নেওয়া ৫ টি বিশেষ জজ আদালত ফিরিয়ে আনতে সরকারের কাছে আবেদন জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2009, 01:38 PM

Updated : 26 Aug 2022, 11:00 AM

ঢাকা, জানুয়ারী ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ঢাকার বাইরে সরিয়ে নেওয়া ৫ টি বিশেষ জজ আদালত ফিরিয়ে আনতে সরকারের কাছে আবেদন জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল এ কথা বলেন। ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর সন্দেহভাজন দুর্নীতিবাজদের বিচারের জন্য দুই দফায় সংসদ ভবন এলাকায় ১০ টি বিশেষ আদালত স্থাপন করে সরকার। গত ২৪ ডিসেম্বর সংসদ নির্বাচনের চার দিন আগে ৫ টি আদালত ঢাকার বাইরে সরিয়ে নেওয়ার আদেশ জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। একই সঙ্গে সংসদ ভবন থেকেও বাকি ৫ টি আদালত রাজধানীর সদরঘাট জজ কোর্ট এলাকায় সরিয়ে নেওয়ার আদেশও দেওয়া হয়। হানিফ ইকবাল বলেন, "ঢাকা থেকে যে ৫ টি আদালত সরিয়ে নেওয়া হয়েছে, সেগুলো আবার ঢাকায় ফিরিয়ে আনার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানিয়েছি।" আদালতগুলো ঢাকার বাইরে সরিয়ে নেওয়ায় কী সমস্যা হচ্ছে- এমন প্রশ্নের জবাবে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওই ৫টি আদালত সরিয়ে নেওয়া মামলা নিষ্পত্তির কাজে ধীর গতি এসেছে। কারণ সরিয়ে নেওয়া আদালতগুলোর মামলাও নিয়মিত আদালতগুলোতে চলছে। এতে ধীর গতি আসাই স্বাভাবিক।" দুদক মহাপরিচালক আরও বলেন, "ঢাকার ৫টি আদালতে মামলার চাপ বেশি হওয়ায় নতুন মামলার বিচার কাজও শুরু করা যাচ্ছে না। এই অবস্থায় আমরা সরকারের কাছে আবেদন করেছি আদালত ফিরিয়ে আনার।" ঢাকা থেকে সরিয়ে নেওয়া পাঁচটি বিশেষ জজ আদালতের মধ্যে দুটি করে আদালত চট্টগ্রাম ও খুলনায় এবং বাকি একটি রাজশাহীতে স্থানান্তর করা হয়। তবে ওই আদালতগুলোতে যেসব মামলার বিচার কাজ চলছিল তা ক্রমানুসারে ১ থেকে ৫ নম্বর আদালতে স্থানান্তরিত করা হয়। ২০০৭ সালের ৬ মে থেকে সংসদ ভবন এলাকায় আদালতগুলো কাজ শুরু করেছিল। এসব আদালতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ দুইশতাধিক রাজনীতিক, সাবেক মন্ত্রী, সাংসদ ও ব্যবসায়ীর দুর্নীতির বিচার কাজ চলছে। এর মধ্যে রায়ও হয়েছে প্রায় দেড় শতাধিক মামলার। বিডিনিউজন টোয়েন্টিফোর ডটকম/পিসি/জিএনএ/১৯৩৩ ঘ.