যশোর, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের আটটি উপজেলার সবগুলোর ফলাফলই ঘোষণা হয়েছে। সাতটিতে চেয়ারম্যান পদে জয়ী হয়েছে আওয়ামী লীগ নেতারা। একটিতে জয়ী হয়েছে বিএনপি নেতা।
সদর উপজেলায় আওয়ামী লীগের শাহীন চাকলাদার ১ লাখ ৩২ হাজার ২০৬ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সৈয়দ সাবিরুল হক সাবু পেয়েছেন ৯৪ হাজার ৮০৬ ভোট। এখানে ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর ইদ্রিস আলী।
শার্শা উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আব্দুল মান্নান মিন্নু ৯২ হাজার ৬৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আনোয়ার হোসেন পেয়েছেন ৪ হাজার ৫৯০ ভোট।
ঝিকরগাছা উপজেলায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মনিরুল ইসলাম। তিনি পেয়েছেন ৮৯ হাজার ৩৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জালাল উদ্দিন পেয়েছেন ১ হাজার ৫৬০ ভোট।
কেশবপুর উপজেলায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের আমির হোসেন। তিনি পেয়েছেন ৬২ হাজার ৬০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বদরুজ্জামান মিন্টুর ভোটসংখ্যা ৪২ হাজার ১৪৯।
মনিরামপুর উপজেলায় আওয়ামী লীগের স্বপন ভট্টাচার্য ১ লাখ ৪ হাজার ৯৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. মূসা পেয়েছেন ৯১ হাজার ৪৩৯ ভোট।
চৌগাছা উপজেলায় আওয়ামী লীগের এসএম হাবিব ৬৮ হাজার ৯৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএপিনর জহিরুল ইসলাম পেয়েছেন ৩৫ হাজার ৬৯০ ভোট।
অভয়নগর উপজেলায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের আব্দুল মালেক। তিনি পেয়েছেন ৬৪ হাজার ৩৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নূরুল হক মোল্লার ভোটসংখ্যা ৩৪ হাজার ২৩৭।
বাঘারপাড়া উপজেলায় জয়ী হয়েছেন বিএনপির আবু তাহের সিদ্দিকী। তিনি পেয়েছেন ৫১ হাজার ৫৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী মনজুর রশীদ স্বপন পেয়েছেন ৪৭ হাজার ১৬ ভোট।
বৃহস্পতিবার সারাদেশে একযোগে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ হয়। এটা দেশের তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচন। গোলযোগের কারণে ৪৮১টি উপজেলার মধ্যে ছয়টিতে নির্বাচন স্থগিত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএম/০৩১৯ ঘ.
bdnews24