ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিএনপির নবনির্বাচিত সাংসদরা আগামী বৃহস্পতিবার শপথ নিচ্ছেন।
দলটির অনুরোধের পরিপ্রেক্ষিতে এ তারিখ নির্ধারণ করেছেন বিদায়ী স্পিকার মুহাম্মদ জমিরউদ্দিন সরকার।
সংসদ সচিবালয়ের সচিব আশফাক হামিদ মঙ্গলবার সাংবাদিকদের একথা জানান।
নবম সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপিসহ চারদলীয় জোটের নেতারা এখনও শপথ নেননি।
বিধি অনুযায়ী তারা নির্দিষ্ট সময়ের মধ্যে বিদায়ী স্পিকার বা বিকল্প হিসেবে প্রধান নির্বাচন কমিশনার কারো কাছেই শপথ না নেওয়ায় তাদের প্রথম দিন সংসদ অধিবেশনে যোগ দেওয়া নিয়ে জটিলতা ও সংশয় সৃষ্টি হয়।
মঙ্গলবার বিএনপির পক্ষ থেকে স্পিকারকে চিঠি দিয়ে বৃহস্পতিবার শপথ অনুষ্ঠান করার অনুরোধ করা হয়।
সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে স্পিকার মুহাম্মদ জমিরউদ্দিন সরকার বলেছিলেন, বুধবার তিনি তাদের শপথ পড়াবেন।
বিএনপির সহসভাপতি, নবনির্বাচিত সাংসদ এমকে আনোয়ার স্বাক্ষরিত মঙ্গলবারের চিঠিতে বলা হয়, "বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা আগামী ১৫ জানুয়ারি শপথ নিতে ইচ্ছুক।"
এর পর স্পিকার বৃহস্পতিবার শপথ অনুষ্ঠান আয়োজনের জন্য সংসদ সচিবালয়ের সচিবকে নির্দেশ দেন।
সচিব আশফাক হামিদ সাংবাদিকদের বলেন, "স্পিকারের নির্দেশ অনুযায়ী আমরা বৃহস্পতিবার শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি।"
ওই দিন নোয়াখালী-১ আসনের উপ নির্বাচনে বিজয়ী বিএনপির সাংসদ মাহবুব উদ্দিন খোকনও শপথ নেবেন।
গত মঙ্গলবার চারদলীয় জোটের শরীক দল বাংলাদেশ জাতীয় পাটির মহাসচিব এক চিঠিতে দলটির একমাত্র নির্বাচিত সাংসদ আন্দালিব রহমানকে শপথ পাঠ করানোর অনুরোধ জানান।
স্পিকার বলেন, "ওই দিন যারাই আসবেন, তাদেরই আমি শপথ পড়াব।"
সংবিধান উদ্ধৃত করে স্পিকার জমিরউদ্দিন ৪ জানুয়ারি বলেন, "সংবিধানের বিধির কারণে আমি বিএনপি-জামায়াতের সাংসদদের শপথ পড়াতে পারব না।"
নিজের বক্তব্য খণ্ডন করে স্পিকার সোমবার বলেন, "যেহেতু সংবিধানে নতুন স্পিকারের কাছে শপথ নিতে হবে- এমন কথা স্পষ্ট বলা নেই। তাই স্পিকার হিসেবে আমিই শপথ পড়াব।"
সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ইতোমধ্যে সরকার গঠন করেছে। বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট পেয়েছে ৩২টি আসন। এর মধ্যে বিএনপির আসন সংখ্যা ২৯টি। তাদের মিত্র জামায়াতে ইসলামী ২টি ও বাংলাদেশ জাতীয় পার্টি ১টি আসন পেয়েছে।
এদিকে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন মঙ্গলবার জানিয়েছেন, প্রথম দিনের অধিবেশনে যোগ দেবেন কিনা সে সিদ্ধান্ত তারা এখনও নেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমআই/কিউএইচ/এসকে/২৩০৭ঘ.
bdnews24