ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী এলডিপি সভাপতি অলি আহমদ, আওয়ামী লীগের রণজিত কুমার রায় এবং তিনজন স্বতন্ত্র সাংসদ রোববার শপথ নিয়েছেন।
বিকালে সংসদ ভবনের শপথ কক্ষে তারা শপথ নেন। সাংসদদের শপথ বাক্য পাঠ করান স্পিকার ব্যারিস্টার মুহাম্মদ জমিরউদ্দিন সরকার।
তবে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোটের নবনির্বাচিত সাংসদরা রোববার নির্ধারিত দিনে শপথ নেননি।
শনিবার আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি ও একজন স্বতন্ত্র সাংসদ শপথ নেন।
শপথ অনুষ্ঠানটি হয় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে। অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব আশফাক হামিদ। পবিত্র কুরআন তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপরই স্পিকার শপথ বাক্য পাঠ করান। নবনির্বাচিত পাঁচ সাংসদ দাঁড়িয়ে সমস্বরে স্পিকারের সঙ্গে সঙ্গে শপথ বাক্য পড়েন।
রোববার শপথ নেওয়া পাঁচ জন হলেন- অলি আহমদ (চট্টগ্রাম-১৩), রণজিত কুমার রায় (যশোর-৪), কবিরুল হক বিশ্বাস (নড়াইল-১), আব্দুল বাতেন (টাঙ্গাইল-৬) ও ফজলুল আজিম (নোয়াখালী-৬)।
এদের মধ্যে রণজিত কুমারের শনিবারই শপথ নেওয়ার কথা ছিল। কিন্তু যশোর থেকে সময়মতো ঢাকা পৌঁছাতে না পারায় তিনি রোববার শপথ নেন।
শপথ নেওয়ার পর সরকারে যাওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অলি আহমদ 'না' সূচক মন্তব্য করে বলেন, "দুই জোটের বাইরে আমরা একমাত্র রাজনৈতিক দল, সংসদে যাদের প্রতিনিধিত্ব আছে। জনগণ আমাকে ভোট দিয়েছে, সংসদে দাঁড়িয়ে আমি জনগণের কথা বলব।"
গত ২৯ ডিসেম্বর ৩০০টির মধ্যে ২৯৯টি সংসদীয় আসনে নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২৩০টি আসনে বিজয়ী হয়ে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। মহাজোটে আওয়ামী লীগের শরিক দল জাতীয় পার্টি ২৭টি, জাসদ ৩টি ও ওয়ার্কার্স পার্টি ২টি আসন পেয়েছে। সেই হিসেবে মহাজোটের মোট আসন সংখ্যা ২৬২।
অন্যদিকে বিগত সরকারে থাকা চারদলীয় জোটের বিএনপি ও তার মিত্ররা পেয়েছে ৩২টি আসন। এর মধ্যে বিএনপির আসন সংখ্যা ২৯টি। অন্য শরিক জামায়াতে ইসলামী ২টি ও বাংলাদেশ জাতীয় পার্টি ১টি আসন পেয়েছে।
গত বৃহস্পতিবার নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এমআই/১৬১২ ঘ.
bdnews24