২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ সাংসদদের শপথ বিকালে

নবম জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী দল আওয়ামী লীগের সাংসদরা শনিবার বিকাল ৩টায় শপথ নেবেন। আওয়ামী লীগের সঙ্গে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে বিজয়ী জাসদ ও ওয়ার্কার্স পার্টির সাংসদরাও শপথ নেবেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2009, 05:53 AM

Updated : 26 Aug 2022, 10:53 AM

ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী দল আওয়ামী লীগের সাংসদরা শনিবার বিকাল ৩টায় শপথ নেবেন। আওয়ামী লীগের সঙ্গে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে বিজয়ী জাসদ ও ওয়ার্কার্স পার্টির সাংসদরাও শপথ নেবেন। জাতীয় সংসদের শপথ কক্ষে নতুন সাংসদদের শপথ পাঠ করাবেন স্পিকার ব্যারিস্টার মুহাম্মদ জমিরউদ্দিন সরকার। স্পিকার এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা দুপুরে শপথ কক্ষে আসেন। তারা সর্বশেষ প্রস্তুতির খোঁজ-খবর নেন। শপথ নেওয়ার পরপরই সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় সংসদ নেতা নির্বাচন করার কথা রয়েছে। রোববার বিকাল ৩টায় শপথ নেবেন বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও স্বতন্ত্র সদস্যরা। নতুন সাংসদদের শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সংসদ সচিবালয়ের সচিব আশফাক হামিদ। শপথ কক্ষে স্থান সঙ্কুুলান না হওয়ার কারণে সংখ্যাগরিষ্ঠ দলের নির্বাচিত সদস্যদের জন্য দুই দফায় শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। এবার আওয়ামী লীগ ২৩০টি আসনে বিজয়ী হয়েছে। কিন্তু শপথ কক্ষের ধারণ ক্ষমতা ১৮০ জন। এ কারণে দুই দফায় শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে বলে সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান। বাংলাদেশের সংবিধান অনুযায়ী, নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের পর ৩০ দিনের মধ্যে সংসদ অধিবেশন শুরুর বাধ্যবাধকতা রয়েছে। গত বৃহস্পতিবার নবম সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ হয়। গত ২৯ ডিসেম্বর ২৯৯টি সংসদীয় আসনে নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২৩০টি আসনে বিজয়ী হয়ে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। মহাজোটে আওয়ামী লীগের শরিক দল জাতীয় পার্টি ২৭টি, জাসদ ৩টি ও ওয়ার্কার্স পার্টি ২টি আসন পেয়েছে। সেই হিসেবে মহাজোটের মোট আসন সংখ্যা ২৬২। অন্যদিকে বিগত সরকারে থাকা চারদলীয় জোটের বিএনপি ও তার মিত্ররা পেয়েছে ৩২টি আসন। এর মধ্যে বিএনপির আসন সংখ্যা ২৯টি। অন্য শরিক জামায়াতে ইসলামী ২টি ও বাংলাদেশ জাতীয় পার্টি ১টি আসন পেয়েছে। এছাড়া লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ১টি ও স্বতন্ত্র ৪টি আসন পেয়েছে। অষ্টম সংসদ নির্বাচনে চারদলীয় জোটের নেতৃত্বদানকারী বিএনপি ১৯৫টি আসনে বিজয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। ওই নির্বাচনে আওয়ামী লীগ ৬২টি আসনে বিজয়ী হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএম/এমআই/১১৫০ ঘ.