ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার ইঙ্গিত দিয়ে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন জানিয়েছেন, তারা আওয়ামী লীগের সরকার গঠনে বাধা হবেন না। নতুন সরকারকে পর্যবেক্ষণে রাখার কথাও জানিয়েছেন তিনি।
তবে নির্বাচনে কারচুপি হয়েছে বলে যে অভিযোগ বিএনপির পক্ষ থেকে করা হয়েছে, তা থেকে সরে আসছে না দলটি।
বৃহস্পতিবার বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর খোন্দকার দেলোয়ার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, "আওয়ামী লীগ সরকার গঠন করুক; তারা দেশ পরিচালার সুযোগ পেয়েছে, তারাই দেশ চালাক।"
নির্বাচনে বিএনপির বেশিরভাগ শীর্ষ নেতার সঙ্গে নিজেও পরাজিত দেলোয়ার বিপুল ভোটে জয়ী মহাজোটকে 'তথাকথিত নির্বাচিত' আখ্যায়িত করে বলেন, "অনির্বাচিত সরকারের চেয়ে তথাকথিত নির্বাচিত সরকার ভালো।"
নতুন সরকারকে সহযোগিতা করবেন কি না- জানতে চাওয়া হলে বিএনপি মহাসচিব বলেন, "আমরা দেখতে চাই, আওয়ামী লীগ জনগণের কাছে যেসব প্রতিশ্র"তি দিয়েছে, তা কিভাবে বাস্তবায়ন করে। প্রথমে আমরা তা গভীরভাবে পর্যবেক্ষণ করব। তাদের মূল্যায়ন দেখে আমরা ঐক্যবদ্ধভাবে উদ্যোগ নেব।"
নির্বাচনে দেলোয়ার মানিকগঞ্জ-৩ আসনে মহাজোটের প্রার্থীর কাছে পরাজিত হন।
তিনি অভিযোগ করেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রে জাল ভোটের মাধ্যমে বিএনপিকে পরাজিত করা হয়েছে।
'দেশি-বিদেশি' ষড়যন্ত্রটা কী- তা জানতে চাইলে খোন্দকার দেলোয়ার সরাসরি উত্তর না দিয়ে বলেন, "কিভাবে ভোট কারচুপির নির্বাচন করা হয়েছে, তা এখন দেশের মানুষ বুঝতে পেরেছে। জাল ভোট কিভাবে হয়েছে, এ ষড়যন্ত্র আজ স্পষ্ট।"
এ মুহূর্তে বিএনপির করণীয় সম্পর্কে খোন্দকার দেলোয়ার বলেন, "আমরা দল শক্তিশালী ও সংগঠিত করার কাজ করব। বিএনপি সব সময় জনগণের পাশে ছিল, তাদের কল্যাণে কাজ করে যাবে। আমরা জনগণের পাশে অতীতে যেভাবে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকব।''
জিয়ার কবরে শ্রদ্ধা জানানোর সময় খোন্দকার দেলোয়ারের সঙ্গে ছিলেন ছাত্রদলের সভাপতি আজিজুল বারী হেলাল, সাধারণ সম্পাদক শফিউল বারী হেলাল, সহ-সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং সাবেক সভাপতি আমানউল্লাহ আমান, ফজলুল হক মিলন, হাবিবউন নবী খান সোহেল প্রমুখ।
পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদল নেতারা কেক কাটেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এসকে/এমআই/১৯৫৯ঘ.
bdnews24