ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি সাদেক হোসেন খোকা শুক্রবার রাতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন।
খালেদার মুক্তির পর তার সঙ্গে এটিই ছিল খোকার প্রথম সাক্ষাৎ।
রাত ১০টা ৪০ মিনিটে খোকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ম্যাডামের সঙ্গে তার মইনুল সড়কের বাসায় দেখা করতে গিয়েছিলাম। প্রায় এক ঘণ্টা একান্তে আলাপ করেছি। ম্যাডাম মহানগর বিএনপি'র নেতাকর্মীদের খোঁজ-খবর নিয়েছেন।"
মহানগর বিএনপি'র সাবেক সভাপতি বলেন, "তিনি (খালেদা) দলের মহানগর শাখার বিভিন্ন সাংগঠনিক বিষয়েও আমার কাছে জানতে চেয়েছেন। আমি সবকিছু তাকে অবহিত করেছি।"
খালেদা জিয়া কারাগারে থাকা অবস্থায় বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন কয়েক মাস আগে খোকার নেতৃত্বাধীন দলের মহানগর কমিটি ভেঙে দেন।
বিলুপ্ত মহানগর কমিটির প্রচার সম্পাদক হাবিুবুল ইসলাম ববি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খোকা রাত সাড়ে ৯টার দিকে খালেদা জিয়ার বাসায় প্রবেশ করেন।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এসএম/ডিডি/জেকে/এমএইচবি/২২০৫ ঘ.
bdnews24