২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতিবাজদের সঙ্গে আপস করে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: কামাল

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে আলোচনায় বসিয়ে সমঝোতায় পৌঁছানোর সরকারি উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2008, 03:49 PM

Updated : 26 Aug 2022, 02:22 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে আলোচনায় বসিয়ে সমঝোতায় পৌঁছানোর সরকারি উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। সোমবার তিনি বলেছেন, 'দুর্নীতিবাজদের' সঙ্গে আপস করে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান বা সুস্থ গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা সম্ভব নয়। সন্ধ্যায় নিজের বাসায় দলের স্থায়ী পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ড. কামাল হোসেন এমন এক সময় এ মন্তব্য করলেন যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যারিস্টার রফিক-উল-হকের মধ্যস্থতায় সাবেক দুই প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনাকে আলোচনায় বসানোর উদ্যোগ নিয়েছে। রোববার বাণিজ্য উপদেষ্টা ও সরকারের মুখপাত্র হোসেন জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার খালেদা জিয়া ও শেখ হাসিনার মধ্যে বৈঠকের চেষ্টা চালাচ্ছে। এ ব্যাপারে ড. কামাল বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের মুখপাত্র যে সমঝোতার উদ্যোগের কথা বলছেন তা অগ্রহণযোগ্য। কি ধরনের শর্তে সরকার (খালেদা ও হাসিনার সঙ্গে) চুক্তি করছে তা জনগণকে পরিষ্কারভাবে জানানো উচিত। সমঝোতার প্রক্রিয়া অবশ্যই স্বচ্ছ হতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক প্রশ্নের জবাবে গণফোরাম সভাপতি বলেন, "আমরা ঐকমত্য চাই; আইনভঙ্গ করে কোনো সমঝোতা চাই না। দুর্নীতিবাজদের সঙ্গে আপস করে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান বা সুস্থ গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়।" এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "এটি জনগণের আকাক্সক্ষা যে তারা (খালেদা ও হাসিনা) আলোচনা করলে দেশের সমস্যার সমাধান হবে। আমরা সব মসজিদ মন্দিরে প্রার্থনা জানাই যেন খালেদা ও হাসিনা আলোচনার জন্য একসঙ্গে বসেন।" সরকারের দুর্নীতি বিরোধী অভিযান প্রসঙ্গে ড. কামাল বলেন, "গত বছর শুরু হওয়া দুর্নীতি বিরোধী অভিযান অনেক ক্ষেত্রে দুর্নীতিবাজ তোষণের কার্যক্রমে পরিণত হয়েছে।" আইনকে নিজস্ব গতিতে চলতে দেওয়া হচ্ছে না অভিযোগ করে তিনি বলেন, "আদালতে এমনও দিন গেছে যেদিন একসঙ্গে ২০০ জামিন আবেদন মঞ্জুর করা হয়েছে। এটা কি আইন অনুযায়ী সম্ভব?" স্থায়ী কমিটির সদস্য পঙ্কজ ভট্টাচার্য, মোস্তফা মহসীন মিন্টু, সুব্রত চৌধুরী, আব্দুর রৌউফ ও ইঞ্জিনিয়ার আবুল কাশেম বৈঠকে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এমএইচবি/২১৪২ ঘ.