ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার সঙ্গে যে কাউকে আলোচনায় বসানোর উদ্যোগ নেওয়ার আগে তাকে নিঃশর্তভাবে স্থায়ী মুক্তি দিতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান।
বৃহস্পতিবার তিনি বলেছেন, "সরকার যদি দু'নেত্রীকে বসিয়ে সমস্যার সমাধান করতে পারে তা হলে তা ভালো। কিন্তু, শেখ হাসিনাকে স্থায়ী মুক্তি দিতে হবে। বন্দি অবস্থায় শেখ হাসিনা কারো সঙ্গে কথা বলবেন না। এমনকি, রাষ্ট্রপতির সঙ্গেও নয়।"
সঙ্কট নিরসনে দেশের প্রতিদ্বন্দ্বী দুই রাজনৈতিক দলের নেত্রীকে এক টেবিলে বসানোর জন্য সরকার উদ্যোগ নেবে বলে বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বিকালে গুলশানের নিজ বাসায় সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি অবশ্য "সরকারের একজন উপদেষ্টা কেনো, কীভাবে এই কথা বলেছেন আমি জানি না"- এ মন্তব্যও করেন।
খালেদা জিয়ার জামিনে মুক্তির প্রসঙ্গে তিনি বলেন, "খালেদা জিয়া বের হয়েছেন- খুবই ভালো। কারো প্রতি ইচ্ছা করে অবিচার করা, জেলে দেওয়া - এই নীতিতে আমরা বিশ্বাস করি না। কেউ দোষী প্রমাণিত হলে তাকে শাস্তি দিতে হবে। কিন্তু, খামোকা কাউকে আটকে রাখার অধিকার কারো নেই।"
"আইন সকলের জন্য সমান হওয়া উচিত" এই আশা ব্যক্ত করে তিনি বলেন, "এখনো আওয়ামী লীগের নেতারা জেলে রয়েছেন। জামিন দিলে কেউ তো আর পালিয়ে যাওয়ার লোক নয়।"
শেখ হাসিনা সাময়িক মুক্তি পেয়ে উন্নত চিকিৎসার জন্য বর্তমানে বিদেশে আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচবি/১৯১১ ঘ.
bdnews24