মুক্তির পর আবার গ্রেপ্তার ব্যবসায়ী আমিন হুদা
নেশার ট্যাবলেট ইয়াবা তৈরি ও বাজারজাত করার অভিযোগে অভিযুক্ত আমিন হুদাকে সোমবার জামিনে মুক্তি দেয়ার পর আবার গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
আমিন হুদা দুটি মামলায় সকালে জামিনে মুক্তি পান। এরপর গুলশান থানার পুলিশ তাকে তার বাসা থেকে জরুরি বিধিতে গ্রেপ্তার করে ঢাকার মুখ্য মহানগর আদালতে পাঠায়। আদালতের আদেশে সন্ধ্যার দিকে তাকে আবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়।
কারাগারের উপ মহাপরিদর্শক সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুটি মামলায় জামিনের কাগজপত্র হাতে পাওয়ার পর সকালে আমিন হুদাকে মুক্তি দেয়া হয়। সন্ধ্যায় আবার তাকে কারাগারে আনা হয়।"
গুলশান থানার উপ পরিদর্শক খবীর আহমেদ বলেন, "আমিন হুদাকে তার গুলশানের বাসা থেকে জরুরি বিধির ১৬ (২) ধারায় গ্রেপ্তার করা হয়েছে।"
গ্রেপ্তারের পর আমিন হুদাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নেওয়া হলে আইনজীবী জাকারিয়া হায়দার ও খন্দকার নেওয়াজুল বারী তার পক্ষে জামিনের আবেদন করেন। কিন্তু জরুরি বিধিতে জামিন দেয়ার এখতিয়ার না থাকায় হাকিম আবদুর রহিম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গতবছর ২৫ অক্টোবর গভীর রাতে র্যাব-১ এর একটি দল এম বি মাল্টিকেয়ার টেকনোলজিস লিমিটেডের শীর্ষ কর্মকর্তা আমিন হুদাকে গ্রেপ্তার করে। ওই অভিযানে আমিন হুদার গুলশানের বাসা ও অফিস থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, মদ ও ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় ২৬ অক্টোবর আমিন হুদার বিরুদ্ধে গুলশান থানায় দুটি মামলা করা হয়। চলতি বছর ৩০ জানুয়ারি দুই মামলাতেই তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
