২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার বিরুদ্ধে আজম চৌধুরীর মামলার সাক্ষ্যগ্রহণ আবার পেছালো

বাদী আজম জে চৌধুরী অসুস্থ থাকায় শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা তার চাঁদাবাজি মামলার সাক্ষ্যগ্রহণ চতুর্থবারের মতো পিছিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2008, 06:21 AM

Updated : 26 Aug 2022, 02:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাদী আজম জে চৌধুরী অসুস্থ থাকায় শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা তার চাঁদাবাজি মামলার সাক্ষ্যগ্রহণ চতুর্থবারের মতো পিছিয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর সাক্ষ্য নেওয়ার নতুন তারিখ ধার্য করেছে আদালত। সোমবার আজম জে চৌধুরীর অসুস্থতার কথা জানিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতে দুই সপ্তাহের সময় আবেদন করলে বিশেষ দায়রা জজ আদালত-৫ এর বিচারক মো. আশরাফ হোসেন সাক্ষ্যগ্রহণের এ নতুন তারিখ ধার্য করেন। এর আগে গত ১ সেপ্টেম্বর এ মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ তৃতীয় দফা পিছিয়ে ৮ সেপ্টেম্বর করা হয়। সেদিন মামলার বাদী আজম জে চৌধুরী ও অন্যতম আসামি শেখ ফজলুল করিম সেলিম আদালতে উপস্থিত ছিলেন। এর আগে গত ২৮ আগস্ট বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মাশুক হোসেন আহমেদের হাইকোর্ট বেঞ্চ এ মামলার কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না- ছয় সপ্তাহের মধ্যে এর কারণ ব্যাখা করতে সরকারকে নির্দেশ দিয়েছিল। প্রায় তিন কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে গত বছরের ১৩ জুন শেখ হাসিনা ও শেখ সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন আজম জে চৌধুরী। পরে মামলার অভিযোগপত্রে শেখ হাসিনার বোন শেখ রেহানাকেও আসামি করা হয়। মামলার অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রকল্পে কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে আসামিরা ২০০১ সালে বিভিন্ন সময়ে বাদীর কাছ থেকে ২ কোটি ৯৯ লাখ ৫০০ টাকা চাঁদা নেন। গত বছরের ১৬ জুলাই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই মামলাটি জরুরি বিধিমালায় অন্তর্ভুক্ত করে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত ১১ জুন হাসিনা সাময়িক মুক্তি পাওয়ার পর দিন উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/এএল/১২০১ঘ.