ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত অসুস্থ আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ দিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত সভাপতি আওয়ামী লীগ।
বৃহস্পতিবার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে জিল্লুর রহমান বলেন, "সরকারের অবহেলা, অমানবিক আচরণ ও দায়িত্বহীনতার কারণে সময়মতো চিকিৎসার অভাবে যদি তার (নাসিম) জীবন বিপন্ন হয় তাহলে সম্পূর্ণ দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।"
অবৈধ সম্পদ অর্জনের মামলায় গতবছর ৮ অক্টোবর ঢাকার বিশেষ আদালত মোহাম্মদ নাসিমকে ১৩ বছরের কারাদণ্ড দেয়।
জিল্লুর রহমান লিখিত বক্তব্যে মোহাম্মদ নাসিম ছাড়াও দলের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ড.মহিউদ্দিন খান আলমগীর, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও চট্টগ্রামের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর মুক্তি ও সুচিকিৎসা দাবি করেন।
আওয়ামী লেিগর ভারপ্রাপ্ত সভাপতি বলেন, "সরকারের সঙ্গে সংলাপের সময় মোহাম্মদ নাসিমের মুক্তি ও বিদেশে চিকিৎসার ব্যাপারটি জোরালোভাবে উপস্থাপন করা হয়। তখন এ ব্যাপারে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু সরকার এখন নির্বিকার ও অমানবিক আচরণ করছে যার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই।"
মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে গত ২৪ জুন মোহাম্মদ নাসিমকে রাজধানীর ল্যাব এইড স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়ার জন্য সরকারের অনুমতি চেয়ে ২৫ ও ২৮ জুন এবং ২৯ জুলাই প্রধান উপদেষ্টার কাছে আবেদন করা হয়।
একই বিষয়ে ১৫ জুলাই রাষ্ট্রপতির কাছেও আবেদন করে তার পরিবার।
বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে দলের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, আখতারুজ্জামান এবং মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/এসএনডি/২০৩৭ঘ.
bdnews24