২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তোফায়েলের স্ত্রীর দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত

দুর্নীতির মামলায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য তোফায়েল আহমেদের স্ত্রী আনোয়ারা আহমেদের বিরুদ্ধে দুর্নীতি মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2008, 10:20 AM

Updated : 26 Aug 2022, 02:04 PM

ঢাকা, জুলাই, ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--দুর্নীতির মামলায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য তোফায়েল আহমেদের স্ত্রী আনোয়ারা আহমেদের বিরুদ্ধে দুর্নীতি মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি শরীফউদ্দিন চাকলাদার ও বিচারপতি ইমদাদুল হক আজাদের বেঞ্চ আনোয়ারা আহমেদের মামলা বাতিলের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। মামলায় তোফায়েল আহমেদের স্ত্রীর বিরুদ্ধে কার্যক্রম কেন বাতিল করা হবে না আগামী তিন সপ্তাহের মধ্যে সরকার ও দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তার কারণ দর্শাতে বলা হয়েছে। ২ জুন দুর্নীতির এ মামলায় তোফায়েল আহমেদের স্ত্রী আনোয়ারা আহমেদ ও মেয়ে ডা. তাসলিমা আহমেদ জামানকে চার মাস বা এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল যেটি আগে হয় সেই সময় পর্যন্ত অন্তবর্তীকালীন আগাম জামিন দিয়েছিল হাইকোর্ট। গত ২৯ মে দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী রমনা থানায় তোফায়েল আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে মামলাটি দায়ের করেন। তোফায়েলের স্ত্রী, মেয়ের বিরুদ্ধে দুর্নীতিতে সহযোগিতার অভিযোগ আনা হয়। মামলায় তাদের বিরুদ্ধে ২ কোটি ৪৪ লাখ ৭২ হাজার ৪১৭ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ১ কোটি ৮৬ লাখ ৯ হাজার ২ টাকার সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ করা হয়। আনোয়ারা আহমেদের পক্ষে মামলা বাতিলের আবেদনটির ওপর শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এমএ/১৫৫৬ ঘ.