ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার স্ত্রী ইসমত আরার বিরুদ্ধে আলাদা দুটি দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট।
মামলা দু'টির কার্যক্রম কেন বাতিল করা হবে না তার কারণ জানতে চেয়ে সরকারের প্রতি রুলও জারি করেছে আদালত।
মাহমুদুর রহমান ও ইসমত আরার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি শরীফউদ্দিন চাকলাদার ও বিচারপতি এমদাদুল হক আজাদের বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়।
ভুয়া কাগজ দেখিয়ে সোনালী ব্যাংক থেকে কনসোর্টিয়াম ঋণ বাবদ প্রায় ১২৮ কোটি টাকা নেওয়ার অভিযোগে মাহমুদুর রহমানসহ সাত জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে শাইন পুকুর হোল্ডিং লিমিটেড লিমিটেডের চেয়ারম্যান সোহেল এফ রহমান, ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানকেও আসামি করা হয়।
গত ৯ জুন এ মামলায় মাহমুদুর রহমানসহ সাত জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করে দুদক।
অন্যদিকে, সাদেক হোসেন খোকার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে গত ২ এপ্রিল রমনা থানায় মামলা করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক শামসুল আলম। মামলায় খোকার স্ত্রী ও কন্যার বিরুদ্ধে দুর্নীতিতে সহযোগিতার অভিযোগ আনা হয়।
এ মামলায় গত ৯ জুন মেয়র খোকার স্ত্রী ইসমত আরাকে তিন মাসের অন্তবর্তীকালীন আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।
মামলা দু'টি বাতিলের জন্য মাহমুদুর রহমান ও ইসমত আরার আবেদনের ওপর শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিক উল হক। তাকে সহায়তা করে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ও অ্যাডভোকেট আহসানুল করিম।
এদিকে, হাইকোর্টের একই বেঞ্চ চাঁদাবাজির মামলায় বিএনপির সাবেক সাংসদ ফজলুল হক মিলনকে অন্তবর্তীকালীন জামিন দিয়েছে। তার মামলাটির কার্যক্রমও স্থগিত করেছে আদালত।
৫২ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে মিলনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএইচবি/২২০৮ ঘ.
bdnews24