২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাইকো মামলা বাতিলে হাইকোর্টে হাসিনার আবেদন

ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলার পর এবার নাইকো দুর্নীতি মামলা বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করেছেন শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2008, 02:51 PM

Updated : 26 Aug 2022, 02:00 PM

ঢাকা, জুন, ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলার পর এবার নাইকো দুর্নীতি মামলা বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করেছেন শেখ হাসিনা। বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মাশুক হোসেন আহমেদের বেঞ্চে বৃহস্পতিবার আবেদনটি করার পর আদালত এ মামলায় বিশেষ জজ আদালতের নথি তলব করে। হাসিনার আবেদনের ওপর পরবর্তী শুনানির তারিখ দেওয়া হয়েছে আগামী ৩০ জুন। শেখ হাসিনার পক্ষে আবেদনটি করার পর শুনানিতে অংশ নিয়ে ব্যারিস্টার রফিক উল হক বলেন, ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলার অভিযোগপত্রের মতো একইভাবে দুর্নীতি দমন কমিশন নাইকো দুর্নীতি মামলাটির অভিযোগপত্রটিও আইন অনুযায়ী অনুমোদন দেয়নি। তাই এ মামলার নথি হাইকোর্টের পরীক্ষা করা দরকার। হাসিনার আরেক আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে আওয়ামী লীগ সভানেত্রীর বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা কেবল গ্যাস ফিল্ড বরাদ্দের খসড়া নীতিমালা অনুমোদন করেছিলেন। এজন্য তার বিরুদ্ধে কোনো দুর্নীতি মামলা হতে পারে না। দুর্নীতি দমন কমিশনের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। সরকার পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মনসুর হাবিব। এর আগে গত ১১ জুন ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলায় নিম্ন আদালতের নথি তলব করে হাইকোর্ট। ওই মামলাটি বাতিলে হাসিনার আবেদনের ওপরও আগামী ৩০ জুন আদেশ দেবে হাইকোর্ট। গত বছরের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা করে দুর্নীতি দমন কমিশন। এতে বিনা দরপত্রে ছাতক, কামতা ও ফেনী গ্যাস ক্ষেত্র নাইকোকে দেওয়ার মাধ্যমে রাষ্ট্রের ১৩ হাজার ৬৩০ কোটি ৫০ লাখ টাকার আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়। এ মামলায় পরে শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএইচবি/২০৪৬ ঘ.