ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির দায়ে সাবেক সাংসদ ও বিএনপি নেতা হাফিজ ইব্রাহিমকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড ও এক কোটি টাকা জরিমানা, অনাদায়ে আরো দেড় বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
স্বামীকে দুর্নীতিতে সহযোগিতা করার দায়ে একই মামলায় হাফিজের স্ত্রী মাফরুজা সুলতানাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও এক কোটি টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সামসুন্নাহার বেগম এ রায় দেন।
আদালত হাফিজ দম্পতির অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছে।
রায়ে বলা হয়, অবৈধভাবে সম্পদের মালিক হওয়ায় হাফিজ ইব্রাহিমকে ১০ বছর এবং সম্পত্তির তথ্য গোপন করার আরো তিন বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হল।
এই সাজা পর্যায়ক্রমে কার্যকর হবে। অর্থাৎ হাফিজ ইব্রাহিমকে এ মামলায় মোট ১৩ বছর কারাভোগ করতে হবে।
রায় ঘোষণার সময় হাফিজ ইব্রাহিম আদালতে উপস্থিত ছিলেন। তবে তার স্ত্রী পলাতক রয়েছেন।
দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম গত বছরের ৮ মে রাজধানীর গুলশান থানায় এ মামলা দায়ের করেন।
এতে বলা হয়, আসামিরা তাদের ঘোষিত আয়ের বাইরে অবৈধভাবে ২০ কোটি ১৯ লাখ ৮৫ হাজার ৫৬৯ টাকার সম্পত্তির মালিক হয়েছেন। কমিশনে দাখিল করা সম্পদের হিসাব বিবরণীতে এসব সম্পত্তির তথ্য গোপন করেছেন তারা।
গত বছরের ২২ নভেম্বর মামলাটিতে হাফিজ ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। সাক্ষ্য নেওয়া শুরু হয় ২৬ নভেম্বর। রাষ্ট্রপক্ষে মোট ৮৭ জন সাক্ষ্য দেয়। আসামি পক্ষে সাফাই সাক্ষ্য দেয় আরও পাঁচ জন।
দুর্নীতি দমন কমিশনে সম্পত্তির হিসাব দিতে এসে ২০০৭ সালের ২৫ ফেব্র"য়ারি গ্রেপ্তার হন হাফিজ ইব্রাহিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএআর/জেকে/এসকে/১৮১৬ ঘ.
bdnews24