ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য দলে সংস্কার করতে প্রস্তুত রয়েছে আওয়ামী লীগ।
দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, "রাজনৈতিক দলের নিবন্ধন আইন ড্রাফট হিসাবেই পড়ে রয়েছে। কিন্তু আইন হচ্ছে না। এই আইন হলেই দলগুলোতে অনেক সংস্কার হবে। যে আইন মানবে না তার নিবন্ধন হবে না। আমাদেরও গঠনতন্ত্র পরিবর্তন করতে হবে। না হলে আমরাও নিবন্ধন পাবো না।"
রোববার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের সঙ্গে জার্মান রাষ্ট্রদূত ফ্রাংক মেইকের এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফুল ইসলাম এ কথা বলেন।
বৈঠক শেষে ফ্রাংক মেইকে সাংবাদিকদের বলেন, "রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। নিজ দলে সংস্কারের বিষয়ে আওয়ামী লীগ খুবই ইতিবাচক। সংঘাতপূর্ণ রাজনীতি পরিহার করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার করতেই হবে।"
ফ্রাংক মেইকে জানান, জার্মান বিনিয়োগকারীরা যেনো আকৃষ্ট হয় সেজন্য তারা বাংলাদেশে টেকসই গণতন্ত্র দেখতে চায়।
ফ্রাংক মেইকে সকালে জিল্লুর রহমানের সঙ্গে তার গুলশানের বাসভবনে সাক্ষাৎ করেন। তিনি জিল্লুর রহমান ও সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে সকাল ১১ টা থেকে প্রায় ৪৫ মিনিট রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
দলীয় সংস্কারের জন্য গঠনতন্ত্র পরিবর্তনে কেন্দ্রীয় সম্মেলনের জন্য তত্ত্বাবধায়ক সরকার সহায়ক পরিবেশ সৃষ্টি করবে বলেও আওয়ামী লীগ আশাবাদী।
আশরাফুল ইসলাম জানান, জার্মান বিনিয়োগকারীরা একটা সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে। তারা বর্তমান পরিস্থিতির শেষ পর্যায় দেখতে চায়।
রাজনৈতিক দলগুলোর সংস্কারের জন্য সরকার সহায়ক পরিস্থিতি তৈরী করবে বলে আশা প্রকাশ করে আশরাফুৃল বলেন,"সরকার সংঘাতপূর্ণ পরিস্থিতি এড়াতে চায়।"
সংলাপ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "সংলাপে গেলাম আর বক্তৃতা দিয়ে চলে এলাম, তা হলে সংলাপ সফল হবে না। নির্বাচনের তারিখ, জরুরী অবস্থা প্রত্যাহার, কিভাবে নির্বাচন হবে এবং কি ভাবে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে - এসব বিষয় নিয়ে ঐকমত্য সৃষ্টি না হওয়া পর্যন্ত সংলাপ চলবে।"
পরে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান দু'এক দিনের মধ্যেই কানের চিকিৎসার জন্য শেখ হাসিনা বোস্টন থেকে ফ্লোরিডায় যাবেন।
চিকিৎসা শেষে যত দ্রূত সম্ভব শেখ হাসিনা দেশে ফিরে আসবেন বলে জানান জিল্লুর।
এদিকে, সংলাপে যাওয়ার আগে ১৪ দলের শরীক দলগুলোর সঙ্গে বৈঠক করবে আওয়ামী লীগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/জিএনএ/১৩৪৬ ঘ.
bdnews24