২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সংস্কারপন্থী' অংশের সংলাপ নীল নকশার নাটক: দেলোয়ার

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বিএনপির 'সংস্কারপন্থী' অংশের সংলাপকে 'নীল নকশার নাটক' বলে অভিহিত করেছেন খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2008, 01:41 PM

Updated : 26 Aug 2022, 01:46 PM

ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বিএনপির 'সংস্কারপন্থী' অংশের সংলাপকে 'নীল নকশার নাটক' বলে অভিহিত করেছেন খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। রোববার বিকেলে ন্যাম ফ্ল্যাটের বাসায় এক সংবাদ ব্রিফিংয়ে খোন্দকার দেলোয়ার দলের সংস্কারপন্থী অংশকে উদ্দেশ্য করে বলেন, "তারা বিএনপি ও দেশের মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ধানের শীষ প্রতীক নিয়ে পাতানো নির্বাচনে অংশ নিতে তারা পুলিশ প্রটেকশনে নীল নকশার সংলাপ নাটকে অংশ নিয়েছে।" তিনি বলেন, "খালেদা জিয়াকে ছাড়া বিএনপি কোনো নির্বাচন ও সংলাপে যাবে না। সুষ্ঠু নির্বাচন করতে হলে দুই নেত্রীকে মুক্তি দিতে হবে।" খালেদা জিয়ার সিদ্ধান্ত পেলে দলীয় শৃঙ্খলা ভাঙার অভিযোগে হাফিজউদ্দিন আহমেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এক প্রশ্নের জবাবে খোন্দকার দেলোয়ার বলেন, "সরকারের কাছ থেকে প্রাক -সংলাপে আমন্ত্রণ পেলে আমরা দলের অবস্থান জানিয়ে দিতে যাব।" তবে এখনো তাদের আমন্ত্রণ জানানো হয়নি বলে জানান তিনি। 'যারা কারাবন্দি দুর্বৃত্তদের মুক্তি চায়, তারা দুর্বৃত্তদের সহযোগী'- আইনজ্ঞ ও রাজনীতিক ড. কামাল হোসেনের এ মন্তব্যের প্রতিক্রিয়ায় খোন্দকার দেলোয়ার বলেন, "অভিযুক্তদের আইনি সহায়তা না দেওয়াও এক ধরনের সন্ত্রাস, এটা দালালী।" গণফোরাম প্রধান ড. কামাল শনিবার দলের এক আলোচনা অনুষ্ঠানে ওই মন্তব্য করেছিলেন। খোন্দকার দেলোয়ারের বাসায় সংবাদ ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, সাবেক সাংসদ নাজিম উদ্দিন আলম, অধ্যক্ষ সোহরাব উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা হাবিব উন নবী খান সোহেল প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/জেকে/এসকে/১৯৩৫ঘ.