ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরকারের সঙ্গে প্রাক-সংলাপ বৈঠকে দেশের দুই প্রধান রাজনৈতিক দলের নেতা খালেদা জিয়া ও শেখ হাসিনার মুক্তি দাবি করেছেন মুফতি ফজলুল হক আমিনীর নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোট। এছাড়া নারী উন্নয়ন নীতিমালার ব্যাপারে পর্যালোচনা কমিটি যেসব সুপারিশ করেছে তা দ্রুত বাস্তবায়নেরও দাবি জানিয়েছে তারা।
সোমবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় সরকারপক্ষে বৈঠকে অংশ নেন যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের, আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। ইসলামী ঐক্যজোটের ১০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ফজলুল হক আমিনী।
এর আগে সন্ধ্যায় জাকের পার্টি, বিকেলে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও দুপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সঙ্গেও বৈঠক করেন উপদেষ্টারা।
ঐক্যজোটের বৈঠকের পর আমিনী সাংবাদিকদের বলেন, "আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। এ কারণে দ্রুত নির্বাচনের তারিখ দিতে হবে। সারা দেশে দুই নেত্রীর অনেক অনুসারী রয়েছে। তাদেরও মুক্তি দিতে হবে।"
তিনি বলেন, "এছাড়া নারী উন্নয়ন নীতি সংশোধনের ব্যাপারে পর্যালোচনা কমিটি যেসব সুপারিশ দিয়েছে তা দ্রুত বাস্তবায়নেরও দাবি জানিয়েছি আমরা।"
আমিনী জানান, বৈঠকে ইসলামী ঐক্যজোটের পক্ষ থেকে জরুরি অবস্থা প্রত্যাহার, নির্বাচনের তারিখ ঘোষণা, খাদ্য সঙ্কট দূর করার পদক্ষেপ গ্রহণ, ভোটার তালিকা প্রকাশসহ আট দফা প্রস্তাব দেয়া হয়েছে।
ইসলামী ঐক্যজোটের সঙ্গে বৈঠকের পর উপদেষ্টা হাসান আরিফ সাংবাদিকদের বলেন, "আজকের বৈঠকে দলগুলোর নেতারা জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থা ও রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার ব্যাপারে তাদের মতামত দিয়েছেন। এছাড়া জাতীয় নির্বাচন নিয়ে জনগণের সংশয় দূর করতে নগরীতে বিলবোর্ড টানিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের সময়সূচির 'কাউন্ট ডাউন' করারও প্রস্তাব দিয়েছেন তারা।"
আমিনীসহ ইসলামী ঐক্যজোটের প্রতিনিধিদলে ছিলেন- জোটের সহ-সভাপতি মহিউদ্দীন খান, আব্দুর রকিব, মাইনুদ্দিন আহমেদ, মহাসচিব আব্দুল লতিফ নেজামী, যুগ্ম মহাসচিব মুফতি মোহাম্মদ ওয়াক্কাস, জুনায়েদ আল হাদি, মুফতি তৈয়ব, আব্দুল্লাহ মো. হাসান এবং মজলিসে শূরার সদস্য জুনায়েদ আহমেদ।
বিকেলে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ৬ সদস্যের প্রতিনিধি দল উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন। দলের নেতৃত্ব দেন আমির মাওলানা সৈয়দ মো. রেজাউল করিম।
প্রতিনিধি দলের বাকি সদস্যরা হলেন, মহাসচিব নুরল হুদা ফয়েজী, যুগ্ম মহাসচিব এ বি এম হেমায়েতউদ্দীন, মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, আশরাফ আলী আকন্দ ও সাইফুদ্দীন ইয়াহিয়া।
সন্ধ্যায় জাকের পার্টির ভাইস চেয়ারম্যান সৈয়দ সিরাজুল কবীর ও মহাসচিব মুন্সি আব্দুল লতিফ চার উপদেষ্টার সঙ্গে প্রাক-সংলাপ বৈঠকে অংশ নেন।
এর আগে দুপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সঙ্গে প্রাক-সংলাপ বৈঠকে বসেন চার উপদেষ্টা।
বৈঠক শেষে মুজাহিদুল ইসলাম সেলিম সাংবাদিকদের বলেন, "আমরা ঘোষিত রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছি। একইসঙ্গে জরুরি অবস্থা প্রত্যাহার, দ্রব্যমূল্যের ঊর্ধ
bdnews24