চট্টগ্রাম, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধী প্রার্থীদের নির্বাচনে ভোট না দেওয়ার জন্য প্রচারণা চালাতে ২৭ ডিসেম্বর চট্টগ্রাম আসছেন সেক্টর কমান্ডারস ফোরাম নেতারা।
যুদ্ধাপরাধী ও তাদের সহযোগীদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে চট্টগ্রাম মহানগরীসহ জেলার চারটি আসনে চারটি সমাবেশে বক্তৃতা করবেন মুক্তিযুদ্ধের রণাঙ্গণে নেতৃত্বদানকারীদের সংগঠনটির নেতারা।
রোববার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে সেক্টর কমান্ডারস ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
জেলার ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, রাউজান ও নগরীর বহদ্দারহাট মোড়ে আয়োজিত সমাবেশে মুক্তিযোদ্ধারা যুদ্ধাপরাধীদের নির্বাচনে ভোট না দেওয়ার আহবান জানিয়ে বক্তব্য দেবেন। সমাবেশগুলোতে সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম শফিউল্লাহ, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সি আর দত্ত, অবসরপ্রাপ্ত কর্নেল আবু ওসমান চৌধুরীসহ অনেক বিশিষ্ট মুক্তিযোদ্ধা অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার সিদ্দিক আহমেদ, অধ্যাপক গাজী সালেহ উদ্দিন আহমেদ, কবি কামরুল হাসান বাদল, আবৃত্তিকার রণজিৎ রক্ষিত প্রমুখ উপস্থিত ছিলেন।
গত ১৯ ডিসেম্বর থেকে যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধী প্রতিরোধ কমিটি জেলার ফটিকছড়ি, রাউজান, রাঙ্গুনিয়া ও সাতকানিয়ায় যুদ্ধাপরাধী ও তাদের দোসরদের নির্বাচনে ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে প্রচারণা শুরু করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/টিএইচ/এসকে/১৯৫২ঘ.
bdnews24