ময়মনসিংহ, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুর্নীতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, "দুর্নীতি প্রতিরোধে আরও সোচ্চার হতে হবে।"
রোববার ময়মনসিংহের ত্রিশালে নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে 'দুর্নীতি প্রতিরোধে সামাজিক উদ্যোগ গ্রহণ' শীর্ষক এক মতবিনিময় সভায় হাসান মশহুদ এ কথা বলেন।
তিনি বলেন, "দুর্নীতি বাংলাদেশের কলঙ্ক। বাংলাদেশকে পৃথিবী দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবেই জানে। এতে দেশের জনগণ কষ্ট পায়, গায়ে আঁচড় লাগে।"
দুর্নীতিকে সমাজে বিতর্কিত করে তোলার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহবান জানান দুর্নীতি দমন কমিশন-দুদক চেয়ারম্যান।
ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুছ সাদাত সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম শামসুর রহমান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় আয়োজিত দুর্নীতি বিরোধী চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন হাসান মশহুদ।
বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা দুর্নীতি বিরোধী নাটক পরিবেশন করেন।
পরে দুদক চেয়ারম্যান আনন্দ মোহন সরকারি কলেজ মিলনায়তনে দুর্নীতি বিরোধী শপথ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সেখানে তিনি দুর্নীতি বিরোধী চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৫ ঘ.
bdnews24