২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'নির্বাচনে সব দল না এলে আবার অনিশ্চিত গন্তব্য'

নির্বাচনে সব দল না এলে দেশ আবার অনিশ্চিত গন্তব্যের দিকে এগিয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক দুই উপদেষ্টা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2008, 11:07 AM

Updated : 26 Aug 2022, 02:41 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনে সব দল না এলে দেশ আবার অনিশ্চিত গন্তব্যের দিকে এগিয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক দুই উপদেষ্টা। ওয়াহিদউদ্দিন মাহমুদ ও আকবর আলি খান সরকারকে পরামর্শ দিয়ে বলেছেন, সময় স্বল্প হলেও আলোচনার মধ্য দিয়ে সব দলকে নির্বাচনে আনতে হবে। নইলে জনগণকে দেওয়া সরকারের প্রতিশ্র"তির ব্যত্যয় হবে। বৃহস্পতিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্বের শীর্ষ পর্যায়ের আর্থিক প্রতিষ্ঠান সিটিগ্র"পের সহযোগী প্রতিষ্ঠান সিটি ফাউন্ডেশন আয়োজিত 'সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার বিতরণী' অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক এ দুই উপদেষ্টা। অনুষ্ঠান শেষে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা। '৯১ এর তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, "একটা অনিশ্চিত রাজনৈতিক গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি আমরা।" তিনি বলেন, "গত দুই বছর ধরে দেশবাসীর প্রত্যাশা ছিল, সব দলের অংশগ্রহণে দেশে একটি সুন্দর নির্বাচন হবে। কিন্তু এখন মনে হচ্ছে, একটি প্রধান রাজনৈতিক দল বা জোট নির্বাচনে অংশ নেবে না। এর পরিণতি দেশের জন্য মোটেই ভালো হবে না।" "তবে আমি মনে করি, আলোচনার মাধ্যমে সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য একটি নির্বাচন করার সময় এখনও সময় আছে।" এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকেও 'দেশের স্বার্থে' কিছুটা হলেও ছাড় দেওয়ার অনুরোধ জানান তিনি। ২০০৬ সালের ইয়াজউদ্দিন আহম্মেদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেন, "সরকার দুই বছর ধরে প্রতিশ্র"তি দিয়েছে সব দলের অংশগ্রহণে দেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে। কিন্তু এখন মনে হচ্ছে, সরকার সে প্রতিশ্র"তি বাস্তবায়ন করতে পারছে না।" "আমি মনে করি, এখনও সময় আছে। আলোচনার মাধ্যমে একটা সম্মানজনক সমাধানের পথ বেছে নিয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা সম্ভব। তবে হাতে সময় মাত্র ২৪ থেকে ৪৮ ঘণ্টা। এর মধ্যেই সমাধানের পথ খুঁজে বের করতে হবে।" এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর আরও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করছেন রেগুলেটরি রিফর্মস কমিশনের চেয়ারম্যান আকবর আলি। তিনি আরও বলেন, "সরকারকে যেমন মনে রাখতে হবে, সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার তাদের রয়েছে। তেমনি দলগুলোকে মনে রাখতে হবে, ৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশ বড় ধরনের সঙ্কটের দিকে যাবে।" এ সব বিষয় বিবেচনায় রেখে সবাইকে কিছুটা ছাড় দিয়ে হলেও ঐক্যমতের ভিত্তিতে সব দলের অংশগ্রহণে ৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার জন্য সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান আকবর আলি। তফসিল অনুযায়ী, আগামী ১৮ ডিসেম্বর সংসদ নির্বাচন হবে। বুধবার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই প্রধান দলের মধ্যে সমঝোতা না হওয়ায় ১৮ ডিসেম্বর নির্বাচনের তারিখ অপরিবর্তিত থাকবে। বিএনপি নির্বাচন পেছানোর দাবি জানিয়ে আসছে। তবে আওয়ামী লীগের চাওয়া, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন। আওয়ামী লীগ নির্বাচনের প্রস্তুতি শুরু করলেও বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট এখন পর্যন্ত নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৭০০ ঘ.