ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থা প্রত্যাহারসহ জোটের তোলা সব দাবি মেনে নির্বাচনের আয়োজন করার আহ্বান জানিয়েছে চারদল।
বুধবার রাত ১১ টার কিছু সময় পর জোটের শীর্ষ বৈঠক শেষ হলে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সাংবাদিকদের কাছে এ দাবির কথা জানান।
রাত ৮টা ৪৫ এ খালেদা জিয়ার সভাপতিত্বে তার গুলশানের কার্যালয়ে চারদলের শীর্ষ নেতাদের এ বৈঠক শুরু হয়।
খোন্দকার দেলোয়ার বলেন, "তড়িঘড়ি করে সংক্ষিপ্ত সময়ে যে তফসিল ঘোষণা করা হয়েছে তা সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক নয়। আমাদের দাবিগুলি মেনে তফসিল ঘোষণা করুন। দয়া করে চারদলকে নির্বাচন থেকে বাইরে রাখার চেষ্টা করবেন না।"
দেলোয়ার জোরালো ভাষায় বলেন, চারদল নির্বাচনমুখী জোট। সুষ্ঠুু পরিবেশ তৈরি হলেই তারা নির্বাচনে যেতে প্রস্তুত।
নির্বাচনে অংশগ্রহণ করা বা না করা বিষয়ে আলোচনা করাই ছিল এ বৈঠকের মূল উদ্দেশ্য।
সরকার দাবি না মানলে আপনারা নির্বাচনে যাবেন কি না এ প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, "যে সময় দিয়ে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে তার মধ্যে র্র্নিবাচন করা সম্ভব কি না নির্বাচন কমিশনই বিচার করবে।"
আপনারা নতুন তফসিল চান কিনা জানতে চাইলে তিনি বলেন, বর্তমান তফসিলে তো সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়।
দেলোয়ার সাংবাদিকদের জানান, "দাবিদাওয়া পুরণের ব্যাপারে আমরা সরকারকে একটা সময় বেধে দিতে চাই। এ সময়ের মধ্যে দাবি না মানলে পরবর্তীতে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেবো।"
জরুরি অবস্থায় কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, "জরুরি অবস্থায় সবাই ভয়ভীতির মধ্যে থাকে। ওই পরিবেশে নির্বাচন সুষ্ঠু হতে পারে না।"
বিএনপি মহাসচিব বলেন, 'সবার অজান্তে' নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা করা হয়েছে।
তিনি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ এর বিভিন্ন ধারা বিশেষ করে বিল খেলাপী ও নির্বাচনে অযোগ্য ঘোষণা সংক্রান্ত কমিশনের একক ক্ষমতাকে সংবিধান পরিপন্থী বলে আখ্যায়িত করেন।
সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে চারদল গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের বিভিন্ন ধারা বাতিলেরও দাবি করছে বলে সাংবাদিকদের জানান দেলোয়ার।
তফসিল ঘোষণার কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, "আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে, সরকার কোনও দল বা জোটকে ক্ষমতায় এনে একটি পাপেট সরকার প্রতিষ্ঠা করতে চায়।"
জাতীয়তাবাদী দল ও জোট স্বাধীন দেশে এ ধরনের সরকার মেনে নেবে না বলে তিনি সতর্ক করে দেন।
দেলোয়ার বলেন, সরকার বিএনপির ৭ ও জামায়াতের ১০ দফা দাবি পুরণ না করলেও নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে যা ঠিক হয়নি। এখনও নির্বাচনের জন্য 'লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি।
জোটের অনেক নেতাকে নির্বাচন থেকে দূরে রাখতেই জরুরি বিধিমালায় আটক করে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
খালেদা জিয়ার সভাপতিত্বে এ সভায় অন্যান্যের মধ্যে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ফজলুল হক আমিনী, খেলাফত মজলিশের আমির মোহাম্মদ ইসহাক ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান, বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিশের মহাসচিব আহমেদ আবদুল কাদের ও বিজেপির মহাসচিব শামীম আল মামুনও উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ডিডি/এসকে/১২২৯ঘ.
bdnews24