চাঁদপুর, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করে দলীয় কর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আ স ম হান্নান শাহ।
তিনি বলেন, "বর্তমান সরকারকে নির্ধারিত সময়েই নির্বাচন দিতে হবে। দেশবাসী নির্বাচনের দিকে তাকিয়ে আছে।"
শুক্রবার সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লুধুয়া উচ্চ বিদ্যালয় মাঠে দুস্থদের মাঝে বিনামূল্যে বিভিন্ন সামগ্রী বিতরণকালে হান্নান শাহ এ কথা বলেন।
তিনি স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, "দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও তার সন্তানরা যখন আটক হন তখন বিএনপি'র শীর্ষস্থানীয় অনেক নেতাই লুকিয়ে ছিলেন। তারা তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদেরও গত দু'বছর খোঁজ-খবর নেননি। এখন সময় এসেছে ত্যাগী নেতাদের মূল্যায়ন করার।"
বিএনপি এবার ত্যাগী নেতাদের নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার ব্যাপারে কাজ করে যাচ্ছে বলেও হান্নান শাহ জানান।
বাংলাদেশে স্পেনের অনারারী কনস্যুলার জেনারেল ড. জালাল উদ্দিন আহমেদের মায়ের নামে প্রতিষ্ঠিত 'মা আমেনা ফাউন্ডেশন'-এর পক্ষ থেকে দুস্থদের মাঝে ৭৫টি রিকশা, ২০টি ভ্যান, দুশ' সেলাই মেশিন ও ২০টি হুইল চেয়ার বিতরণ করা হয়।
এসব সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন মা আমেনা ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. জালাল উদ্দিন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন- ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আলী আজ্জম খান, আলী আজগর খান, মতলব উত্তর উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক শাহজাহান সরদার প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬২৭ ঘ.
bdnews24