ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনা নির্বাচনে অংশ নিতে পারবেন- তত্ত্বাবধায়ক সরকার এই স্পষ্ট ঘোষণা না দেয়া পর্যন্ত আওয়ামী লীগ তার মুক্তির জন্য আন্দোলন চালিয়ে যাবে বলে মন্তব্য করেছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু।
শুক্রবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে 'বর্নি কল্যাণ সমিতি' আয়োজিত এক আলোচনা সভায় আমু এ কথা বলেন। শেখ হাসিনার স্থায়ী মুক্তির দাবিতে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আমু বলেন, "সরকারকে স্পষ্ট ঘোষণা দিতে হবে যে শেখ হাসিনা নির্বাচনে অংশ নিতে পারবেন। এই ঘোষণা না আসা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।"
তিনি বলেন, "সরকারের সঙ্গে সংলাপে আমাদের মূল দাবিই ছিলো শেখ হাসিনার নিঃশর্ত মুক্তি এবং তার নেতৃত্বে আমাদের নির্বাচনে অংশগ্রহণ।"
সভাপতিমণ্ডলীর আরেক সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "তিনি (শেখ হাসিনা) মনোনয়ন দেবেন এবং নির্বাচনের প্রচারণায় অংশ নেবেন। নির্বাচনের পর তিনিই দেশের নেতৃত্ব দেবেন।"
সভাপতিমণ্ডলীর অপর সদস্য আব্দুর রাজ্জাক বলেন, "নেত্রী (হাসিনা) আগামী মাসের প্রথম সপ্তাহে দেশে ফিরবেন। তিনি আমাদের দলের নেত্রী ছিলেন এবং থাকবেন। তিনিই পরবর্তী প্রধানমন্ত্রী হবেন।"
১৮ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন রাজ্জাক।
সরকারের সঙ্গে বৃহস্পতিবারের সংলাপের প্রসঙ্গ টেনে সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমদ বলেন, "আমরা সংলাপে নেত্রীর মুক্তি এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছি। নেত্রী নির্বাচন করবেন, তাকে নির্বাচন করতে দিতে হবে- এ নিয়ে কোনো প্রশ্নই নেই।"
উপজেলা নির্বাচন প্রসঙ্গে তোফায়েল বলেন, "সংলাপে তিন ঘণ্টার মধ্যে এক ঘণ্টা কথা হয়েছে উপজেলা নির্বাচনের সময়সূচি নিয়ে। আমরা বলেছি, দুই নির্বাচনের মধ্যে সময়ের ব্যবধান কম হলে উপজেলা নির্বাচন জাতীয় নির্বাচনের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/এমএইচবি/২২৫০ ঘ.
bdnews24