ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--পারটেক্স গ্র"পের মালিক এম এ হাশেমের নেতৃত্বে জমি দখলকে কেন্দ্র করে সাভারের সাধাপুরে চার গ্রামবাসী হত্যার মামলায় ১০ জনকে ১২০ বছর করে সশ্রম কারাদণ্ড ও দুলাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা পরিশোধ না করলে তাদের আরো এক বছর করে সাজাভোগ করতে হবে।
ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম ছাইফুল ইসলাম মঙ্গলবার বিকেলে এ রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন, এ কে এম নুরুল হক, বাদশাহ মিয়া, ফরহাদ হোসেন, মো. মুন্নাফ, ফজল মিয়া, মুজিবর রহমান, মো. জামিল উদ্দীন, গোলাম রব্বানী, আতাউর রহমান হাবু ও মজিবর। এদের মধ্যে নুরুল হক, বাদশাহ মিয়া ও মজিবর পলাতক।
এম এ হাশেমের বিরুদ্ধে এ মামলার কার্যক্রম হাইকোর্টের আদেশে স্থগিত থাকায় তার বিরুদ্ধে কোনো রায় দেননি আদালত।
এ বিষয়ে রায়ে বিচারক উল্লেখ করেন, এম এ হাশেমের বিরুদ্ধে অভিযোগ হাইকোর্টের আদেশে স্থগিত রয়েছে। তাই তার বিরুদ্ধে হত্যার অভিযোগ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই।
রায়ে বলা হয়, দশজনের প্রত্যেককে প্রতি হত্যাকাণ্ডের জন্য ৩০ বছর করে মোট ১২০ বছরের কারাদণ্ড দেওয়া হলেও একইসঙ্গে তা কার্যকর হওয়ায় প্রকৃতপক্ষে তাদের ৩০ বছর করে সাজাভোগ করতে হবে।
মামলার মোট ৪৯ আসামির মধ্যে ৩৮ জনকে বেকসুর খালাস দেওয়া হয়। এদের মধ্যে রায়ের আগেই মারা গেছেন চারজন।
মামলার অভিযোগ বলা হয়, ১৯৯৭ সালের ২৮ ফেব্র"য়ারি সকালে পারটেক্স রিয়েল এস্টেটের চেয়ারম্যান এম এ হাশেমের নেতৃত্বে তার দুই ছেলে, কর্মচারী ও দেড়শতাধিক আনসার সদস্য সাধাপুর এলাকাবাসীর জমি জোর করে দখল করতে যায়। এলাকাবাসীর বাধার মুখে তারা গুলি চালালে ১৩ জন আহত হয়। পরে আহতদের মধ্যে মুজিবর রহমান, সাইদ পাশা, সাইদ মোল্লা ও রূপসী বেগম মারা যান।
এ ঘটনায় নিহত মজিবর রহমানের ভাই মতিউর রহমান সাভার থানায় এম এ হাসেম ও তার দুছেলেসহ ২০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তদন্ত শেষে ৪৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা। তবে হাসেমের দু'ছেলেকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়।
রায় ঘোষণার পর ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. মহসীন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এম এ হাশেমের বিরুদ্ধে অভিযোগ হাইকোর্টে স্থগিত রয়েছে। আমরা চেষ্টা করেছিলাম প্রধান অভিযুক্তকে আদালতে এনে বিচারের সম্মুখীন করতে।"
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী সহকারী পাবলিক প্রসিকিউটর সহীদ হোসেন ঢালী বলেন, "হাশেমের দু'ছেলেকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার পর বাদি 'না-রাজি' দরখাস্ত দিয়েছিল। কিন্তু হাইকোর্ট ওই আবেদনের শুনানি কার্যক্রমও স্থগিত করে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/
bdnews24