২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিবন্ধন পেতে বিএনপির গঠনতন্ত্র সংশোধন

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে 'অত্যাবশ্যকীয়' বিধিগুলোতে পরিবর্তন এনে গঠনতন্ত্র সংশোধন করেছে বিএনপি। রোববার রাতে দলটির স্থায়ী কমিটির বৈঠকে গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়। খালেদা জিয়ার সভাপতিত্বে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এ বৈঠক চলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2008, 04:50 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে 'অত্যাবশ্যকীয়' বিধিগুলোতে পরিবর্তন এনে গঠনতন্ত্র সংশোধন করেছে বিএনপি। রোববার রাতে দলটির স্থায়ী কমিটির বৈঠকে গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়। খালেদা জিয়ার সভাপতিত্বে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এ বৈঠক চলে। দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন রাত পৌনে ১২ টার দিকে সাংবাদিকদের বলেন, "বাধ্য হয়েই আমরা দলের নিবন্ধনের জন্য গঠণতন্ত্রে সংশোধন এনেছি। কারণ নিবন্ধনের নামে বিএনপিকে নির্বাচন থেকে বাইরে রাখার কোনও সুযোগ আমরা দিতে চাই না। নির্বাচন কমিশন নিবন্ধনের জন্য যেসব বিধিমালা গঠণতন্ত্রে অত্যাবশ্যকীয় করেছে, সেভাবেই আজকের (রোববারের) বৈঠকে সংশোধনী বিষয়টির সুরাহা হয়েছে।" তবে গঠনতন্ত্রের কোন কোন বিধিতে সংশোধনী আনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি মহাসচিব। অবশ্য স্থায়ী কমিটির একাধিক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সংগঠনের সব স্তরে কমিটি গঠনের ক্ষেত্রে নির্বাচনী আইন অনুসরণ করা, কমিটিগুলোতে শতকরা ৩৩ ভাগ নারী প্রতিনিধি অন্তর্ভুক্ত করা, তহবিল সংগ্রহ ও হিসাব রক্ষণাবেক্ষণে ছয় মাসের মধ্যে অডিট প্রতিবেদন প্রকাশ করা, পার্লামেন্টারি বোর্ডে স্থানীয় পর্যায়ের কমিটির প্রতিনিধি অন্তর্ভুক্ত করা, দলের সদস্যপদ লাভের ক্ষেত্রে সাজাপ্রাপ্তদের অযোগ্য ঘোষণা এবং অঙ্গ সংগঠন ও বিদেশি শাখা রাখার ক্ষেত্রে সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের বিধান অনুযায়ী সংশোধন আনা হয়েছে। সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে দলের স্থায়ী কমিটির সঙ্গে চেয়ারপারসনের 'শলাপরামর্শ' করে নেওয়ার একটি বিধিও গঠনতন্ত্রে যোগ করা হয়েছে বলে নেতারা জানান। দল হিসেবে নিবন্ধনের জন্য বিএনপি রোববার সকালে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন ফরম সংগ্রহ করে। এরপর দুপুরে খোন্দকার দেলোয়ার সাংবাদিকদের জানান, বিএনপি সোমবার কমিশনে নিবন্ধনের আবেদন ফরম জমা দেবে। ১৯৭৮ সালে প্রতিষ্ঠার পর বিএনপির গঠনতন্ত্রে সর্বশেষ সংশোধনী আনা হয়েছিল ১৯৯৫ সালের ৩০ নভেম্বর। ২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা ঘোষণার পর ২৫ জুলাই বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া দলের গঠণতন্ত্র সংস্কারের জন্য কিছু প্রস্তাব উপস্থাপন করেন। খালেদা জিয়া গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার আগে মান্নান ভূঁইয়াকে দল থেকে বহিস্কার করেন। রোববারের স্থায়ী কমিটির বৈঠকে কমিটির ১১ সদস্যের মধ্যে খালেদা জিয়া, এম সাইফুর রহমান, খোন্দকার দেলোয়ার হোসেন, আবদুল মতিন চৌধুরী, আর এ গণি, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ, মাহবুবুর রহমান ও এম শামসুল ইসলাম বৈঠকে অংশ নেন। অপর দুই সদস্য ড. মোশাররফ হোসেন ও মওদুদ আহমেদ ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএমএ/জেকে/এমএইচবি/০০৫০ ঘ.