ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী সংসদ নির্বাচনে খালেদা জিয়া ও শেখ হাসিনাকে অংশ নেওয়া থেকে বিরত রাখার ব্যাপারে কোনো আইনিভিত্তি আছে বলে মনে করেন না ব্রিটিশ মন্ত্রী লর্ড মার্ক ম্যালোক ব্রাউন।
তিনি জানান, জনগণের নিরাপত্তা এবং দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত রাজনীতিকদের নির্বাচন থেকে বাদ দেওয়া- এ দুটি ব্যাপারে সরকার ও রাজনৈতিক দলগুলো মতৈক্যে পৌঁছাতে পারলে নির্বাচনের আগে জরুরি অবস্থা তুলে নেওয়া উচিত।
বৃহস্পতিবার ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ম্যালোক ব্রাউন।
যুক্তরাজ্যের এশিয়া, আফ্রিকা ও জাতিসংঘ বিষয়ক মন্ত্রী জানান, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য ১৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে নিশ্চয়তা দিয়েছেন সেনাবাহিনী প্রধান মইন উ আহমেদ।
ম্যালোক ব্রাউন বলেন, "বিশ্বের যেকোনো স্থানে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধের একমাত্র কার্যকরপন্থা হলো আইনের শাসনের প্রতি শ্রদ্ধাবোধ। এ কারণে আমি বলছি দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্তদের নির্বাচনে প্রার্থী করাটা ঠিক হবে না।"
তিনি বলেন, "কিন্তু দুই নেত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনা কারোরই এখনো দুর্নীতির অভিযোগে সাজা হয়নি। এর পরিপ্রেক্ষিতে একজন বহিরাগত হিসেবে আমার মতামত হল, তাদের নির্বাচনে অংশ নেওয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষেত্রে আমি কোনো আইনিভিত্তি দেখছি না। বিএনপি এবং আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে সাবেক দুই প্রধানমন্ত্রী নির্বাচনে অংশ নেবেন কিনা।"
বর্তমান তত্ত্বাবধায়ক সরকার কিছু সংস্থার সংস্কারের ব্যাপারে তাদের ভূমিকা পালন করেছে এখন রাজনৈতিক দলগুলোকে তাদের ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
জরুরি অবস্থায় নির্বাচন প্রসঙ্গে ব্রিটিশ মন্ত্রী বলেন, "জরুরি অবস্থা ছাড়া একটি নির্বাচন দেশে এবং দেশের বাইরে অনেক বেশি আইনসিদ্ধ ও গ্রহণযোগ্য হতো। তবে আমার মনে হয় জরুরি অবস্থা প্রত্যাহারের বিষয়ে সরকারকে আরো সহযেগিতা করতে হবে রাজনৈতিক দলগুলোর । আমি মনে করি জরুরি অবস্থায় নির্বাচনের বিষয়ে সরকারের দাবি যৌক্তিক।"
তবে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী প্রচারকাজ সুষ্ঠুভাবে পরিচালনার সুযোগ দেওয়ার কথা উল্লেখ করেন তিনি।
ম্যালোক বলেন, পরবর্তী সরকারকে এই সরকারের চলমান ইতিবাচক সংস্কার কার্যক্রমগুলো এগিয়ে নিতে হবে। দুর্নীতি বিরোধী অভিযান গতি হারাবে না- এমনটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে দাতারা।
বিকেলে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে নয়াদিল্লির উদ্দেশে রওনা দেন ম্যালোক ব্রাউন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এমএইচবি/২২৩০ ঘ.
bdnews24