২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযোগ প্রমাণ করতে না পেরে ১২১ মামলায় চূড়ান্ত প্রতিবেদন

শীর্ষ রাজনীতিকসহ আড়াইশ' ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা শতাধিক মামলার অভিযোগ প্রমাণ না করতে পেরে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এর প্রায় সব মামলাই দায়ের করা হয়েছিল বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2008, 01:09 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শীর্ষ রাজনীতিকসহ আড়াইশ' ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা শতাধিক মামলার অভিযোগ প্রমাণ না করতে পেরে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এর প্রায় সব মামলাই দায়ের করা হয়েছিল বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর। চূড়ান্ত প্রতিবেদন হওয়া মামলাগুলোর মধ্যে রয়েছে আরব বাংলাদেশ ব্যাংকের প্রায় দু'শ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেক্সিমকো গ্র"পের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানসহ ১০ জনের বিরুদ্ধে দায়ের করা মামলাটিও। অন্য যাদের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, মতিয়া চৌধুরী, আসাদুল হাবিব দুলু, সালাউদ্দিন আহমেদ, শাহ মো. আবু জাফর, জামায়াত ইসলামীর নেতা মো. আ: সোবহান, ডা. আব্দুল্লাহ মো.তাহেরসহ ১৬ জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য। বৃহস্পতিবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল সাংবাদিকদের কাছে এ সংক্রান্ত একটি তালিকা সরবরাহ করেন। হানিফ ইকবাল বলেন, "বিভিন্ন অভিযোগে দায়ের করা ১২১ টি মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে কমিশন। মামলাগুলোর আড়াই'শ আসামীর মধ্যে ১৬ জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সাংসদ। আরও রয়েছেন ৪৮ জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য, ৪২ জন সরকারি কর্মকর্তা-কর্মচারি এবং ১৪৪ জন অন্যান্য পেশাজীবী।" হানিফ ইকবাল বলেন, "মূলত অভিযোগ প্রমাণিত না হওয়ার কারণেই অভিযুক্তদের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে কমিশন।" সাবেক সাংসদদের মধ্যে মো. আবুল হোসেন খান, মো. রেজাউল করিম, এ কে এম সেলিম রেজা হাবিব, এ কে এম, ফজলুল হক মিলন ও মো. গিয়াসউদ্দিনের বিরুদ্ধে দায়ের করা মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। এছাড়াও জনপ্রিয় সঙ্গীত শিল্পী মমতাজের স্বামী ও মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলীর বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলায় একইভাবে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/১৮৫৯ঘ.