ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দল নিবন্ধনের সময় ৭ দিন বাড়ানোর আবেদনের ব্যাপারে ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত চেয়েছে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট।
রোববার রাতে চার দলের মহাসচিবদের বৈঠকের পর বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, "নিবন্ধনের সময়সীমা এক সপ্তাহ বাড়ানোর জন্য যে আবেদন আমরা করেছি, আগামী ২৪ ঘণ্টার ব্যাপারে কমিশনকে তার সিদ্ধান্ত জানাতে হবে।"
তিনি বলেন, "নির্বাচন থেকে বিএনপিকে দূরে রাখার জন্যই কমিশন নিবন্ধনের সময় বাড়ানোর আবেদনটি ঝুলিয়ে রেখেছে।"
দেলোয়ার জানান, মঙ্গলবার সরকারের সঙ্গে সংলাপে নির্বাচনের আগেই জরুরি অবস্থা প্রত্যাহার, সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বাতিল, খালেদা জিয়ার বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারসহ চার দলের ৫ দফা দাবি তুলে ধরা হবে। মহাসচিবদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
সংসদ ভবন এলাকার ন্যাম ফ্ল্যাটে খোন্দকার দেলোয়ারের বাসায় সন্ধ্যা সোয়া ৭টা থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত এ বৈঠক চলে।
খোন্দকার দেলোয়ারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, সাবেক সাংসদ আবদুল মান্নান, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান, মহানগর আমীর রফিকুল ইসলাম খান, বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব শামীম আল মামুন, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী ও খেলাফত মজলিশের মহাসচিব অধ্যাপক আহমেদ আবদুল কাদের উপস্থিত ছিলেন।
এর আগে রোববার সকালে বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে নিবন্ধনের সময়সীমা বাড়ানোর জন্য দুটি আবেদনপত্র প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কার্যালয়ে জমা দেওয়া হয়।
আবেদন জমা দেওয়ার পর সিইসি এটিএম শামসুল হুদা জানান, সময়সীমা বাড়ানোর এ আবেদন কমিশন বিবেচনা করবে।
নিবন্ধনের আবেদন করার শেষ সীমা ১৫ অক্টোবর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/জিএনএ/২২২৩ ঘ.
bdnews24