চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বর্তমান সরকারকে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার হিসেবে আখ্যায়িত করে জামায়াতের ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী বলেছেন, "এ সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হোক, সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়াতে হোক তা আমরা চাাইনা।"
তিনি আবারও নির্বাচনের আগে জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ সাটু মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক সুধী সমাবেশে নিজামী এ কথা বলেন।
তিনি বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের একমাত্র দায়িত্ব সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে একটি অর্থবহ সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা। কিন্তু এখতিয়ার বহির্ভুত বিভিন্ন কাজ করে সরকারই নির্বাচন হবে কিনা তা নিয়ে সন্দেহ, সংশয় সৃষ্টি করছে।"
রাজনৈতিক নেতাদের হয়রানি করে নির্বাচন সুষ্ঠু হতে পারে না বলে উল্লেখ করে নিজামী বলেন, "১৮ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণার পর অক্টোবর মাসে বিগত জোট সরকারের মন্ত্রীদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের হয়রানি করবেন; তা হলে তো সংশয় সৃষ্টি হবেই।"
নির্বাচনে সব দলের নেতাকে অংশগ্রহণের করতে দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, "কোনো নেতাকে কৃত্রিমভাবে নির্বাচনের বাইরে রাখলে দেশের জন্য তা মঙ্গলজনক হবে না।"
কোনো অজুহাতে নির্বাচন বানচাল করে রাজনৈতিক এতিম ও উচ্চাভিলাষীদের নিয়ে সরকার গঠন করা হয় তবে তা দেশের জন্য, জাতির জন্য মঙ্গলজনক হবে না বলে নিজামী হুঁশিয়ার করে দেন।
আগামী সংসদ নির্বাচন কেউ যেন বানচাল করতে না পারে সে বিষয়ে সজাগ থেকে চারদলীয় জোট নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।
নিজামী বলেন, "রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষে প্রধান উপদেষ্টা এক তরফাভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। স্বল্প সময়ের ব্যবধানে জাতীয় সংসদ ও উপজেলা নির্বাচনের ঘোষণা করায় তা সঠিক সময়ে সম্পন্ন হবে কিনা এ নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে।"
যৌক্তিক সময়ের ব্যবধানে সংসদ ও উপজেলা নির্বাচনের তারিখ নির্ধারণের দাবি জানান তিনি। তা না হলে নির্বাচন অর্থবহ হবে না বলে তিনি মনে করেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা জায়াতের আমির রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে আরও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় প্রচার সম্পাদক তাসনিম আলম, ঢাকা মহানগর জামায়াতের সহ সম্পাদক নুরুল ইসলাম বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নায়েবে আমির লতিফুর রহমান, সহ-সেক্রেটারি আতাউর রহমান প্রমূখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫২ ঘ.
bdnews24