ঢাকা, অক্টোবর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানিয়েছে আওয়ামী লীগ। গণপ্রতিনিধিত্ব আদেশে নির্বাচন কমিশনকে দেয়া প্রার্থিতা বাতিলের ক্ষমতা এবং সহযোগী সংগঠন না রাখার বিধানের ব্যাপারেও আপত্তি জানিয়েছে দলটি।
নির্বাচন কমিশনের সঙ্গে চতুর্থ দফা বৈঠকে বুধবার আওয়ামী লীগের পক্ষ থেকে এসব দাবি জানানোর পাশাপাশি জরুরি অবস্থা প্রত্যাহার, উপজেলা নির্বাচনের তারিখ পিছিয়ে দেয়ারও আহ্বান জানানো হয়।
কমিশনের সম্মেলন কক্ষে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত এ বৈঠক সাংবাদিকদের উপস্থিতিতে খোলামেলা আলোচনা হয়।
বৈঠকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য তোফায়েল আহমদ বলেন, "সব দল অংশ নিলেই নির্বাচন গ্রহণযোগ্য হবে। সব দল যাতে নির্বাচনে অংশ নিতে পারে সে ব্যবস্থা কমিশনকেই করতে হবে।"
এর জবাবে প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা বলেন, "আমরাও তো সে চেষ্টাই করছি।"
অবশ্য নির্বাচনের আগে জরুরি অবস্থা প্রত্যাহার ও উপজেলা নির্বাচনের তারিখ পেছানোর দাবির ব্যাপারে কোনো জবাব দেননি তিনি।
নির্বাচন কমিশনের 'প্রার্থিতা বাতিলের ক্ষমতা' প্রত্যাহারে আওয়ামী লীগের দাবির উত্তরে শামসুল হুদা বলেন, "প্রার্থিতা বাতিল করা তো ছেলেখেলা নয়। এ বিষয়ে আমরা খুব সতর্ক। প্রার্থিতার অধিকার ঠুনকো কোনো অভিযোগে বাতিল করা হবে না। অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচনী তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই শুনানি শেষে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া যায়।"
নির্বাচনী আইনের এ ধারার অপব্যবহার হলে নির্বাচিত সরকারের সময় সংসদে তা বাতিল করা যাবে বলেও মন্তব্য করেন তিনি।
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য দলের গঠনতন্ত্রে প্রয়োজনীয় সংশোধনী আনা হচ্ছে জানিয়ে বৈঠকে আওয়ামী লীগের পক্ষ থেকে 'অঙ্গসংগঠন' না রাখার বিষয়ে একমত পোষণ করা হয়।
তবে দলের সংশোধিত গঠনতন্ত্রে ছাত্রলীগ বা শ্রমিক লীগের মতো সংগঠনগুলোকে 'সহযোগী সংগঠন' হিসাবে না রাখার জন্যও কমিশনের পক্ষ থেকে পরামর্শ দেয়া হলে আওয়ামী লীগ তাতে আপত্তি জানায়।
তোফায়েল আহমদ বলেন, "আওয়ামী লীগের কোনো অঙ্গসংগঠন নেই। যা আছে সহযোগী সংগঠন। এদের সহযোগী হিসাবে না রাখার বিধান কোনোভাবে গ্রহণ করবে না আওয়ামী লীগ।"
নির্বাচন কমিশনের এ প্রস্তাবের বিষয়ে দলের কার্যনির্বাহী সংসদের সভায় সিদ্ধান্ত নেয়া হবে বলে তোফায়েল আহমেদ জানান।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, রাজনৈতিক দলগুলোর সহযোগী সংগঠন থাকতে পারে। তবে দলের গঠনতন্ত্রে তাদের নাম উল্লেখ করা যাবে না। এসব সংগঠনকে স্বাধীনভাবে কার্যক্রম চালাতে দিতে হবে।
এ সময় সভাপতিমণ্ডলীর আরেক সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, "আগে আমাদের গঠনতন্ত্রে কোনো সহযোগী সংগঠনের নাম ছিল না। কিন্তু সামরিক আইন জারি করার পর জিয়াউর রহমান রাজনৈতিক দলের গঠনতন্ত্রে সহযোগী সংগঠনের নাম রাখা বাধ্যতামূলক করেন।"
তোফায়েল আহমদ বলেন, "ছাত্রলীগ ও শ্রমিক লীগ রাজনীতিতে সক্রিয়। যারা ছাত্রলীগ করে তারা ছাত্রলীগ করবেই; যারা শ্রমিক লীগ করে তারাও তাই করবে। আইন করে তাদের ঠেকানো যাবে না। উই আর দি প্রোডাক্ট অফ স্টুডেন্ট মুভমেন্ট।"
জাতীয় নির্বাচনের আর মাত্র ৬৯ তিন বাকি উল্লেখ করে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়, অবাধ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন করতে অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যহার করতে হবে। এ জন্যে সরকারের কাছে অনুরোধ জানানোর জন্যে কমিশনের প্রতি সুপারিশ করে আওয়ামীগ প্রতিনিধি দল।
জরুরি অবস্থায় প্রচারণা ও দলের কার্যক্রম চালাতে অসুবিধা হচ্ছে- এমন অভিযোগের জবাবে শামসুল হুদা বলেন, নির্বাচনের আগে ২১ দিন প্রচারণা চালানো যাবে। এর আগে নির্বাচনী প্রচার করা যাবে না। তবে দলীয় কার্যক্রম চালাতে বাধা নেই। সরকারও এতে বাধা দেবে না।
দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ডেমোক্রেসি ওয়াচ, ফেমা, অধিকার ও খান ফাউন্ডেশনের ব্যাপারে আওয়ামী লীগের আপত্তির জবাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, যারা নির্বাচন পর্যবেক্ষণ করবে তাদেরও নিবন্ধনের আওতায় আনা হচ্ছে। কাদের পর্যবেক্ষক করা হবে তা গণবিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে। কারো আপত্তি থাকলে তখন জানাতে পারবে। সব কিছু বিবেচনা করে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সার্বিক আলোচনাকে 'ইতিবাচক' মন্তব্য করে শামসুল হুদা বলেন, "যে কোনো বিষয়ে আলোচনার জন্যে আপনারা আসতে পারেন। কমিশন সব সময় সহযোগিতা করে যাবে।"
আওয়ামী লীগের সাত সদস্যের প্রতিনিধি দলে আরও ছিলেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম ও দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হোসেন তৌফিক (এইচ.টি.) ইমাম।
কমিশনের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, এম সাখাওয়াত হোসেন, কমিশন সচিব মুহম্মদ হুমায়ুন কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/জেকে/এমএইচবি/১৯০৫ ঘ.
bdnews24