ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দুর্নীতি মামলায় চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান এএম শাহাদাত হোসেনসহ সাবেক চার কর্মকর্তা ও গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানির ২ পরিচালককে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে খালেদা জিয়া ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ মামলার ৮ আসামিকে গ্রেপ্তার করা হলো।
শনিবার দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক জহিরুল হুদা ছয়জনকে তেজগাঁও থানায় হস্তান্তর করেন। রোববার তাদের আদালতে হাজির করা হবে।
গ্রেপ্তার হওয়া ছয় জন হলেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান এএম শাহাদাত হোসেন, সাবেক পরিচালক (পরিবহন) এএম সানোয়ার হোসেন, চট্টগ্রাম বন্দরের তখনকার প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা আহমেদ আবুল কাশেম, সাবেক সদস্য মো. লুৎফুল কবীরে, গ্যাটকোর পরিচালক সৈয়দ তানভীর আহমেদ ও সৈয়দ গালিব আহমেদ।
তেজগাঁ থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক দীপক কুমার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার বিকেল ৪টার পর দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক জহিরুল হুদা তাদের থানায় হস্তান্তর করেন। এখন তারা থানা হাজতে আছেন। রোববার তাদের আদালতে হাজির করা হবে।
কমিশনের একজন কর্মকর্তা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাজধানীর বিভিন্ন স্থান থেকে এ ছয়জনকে আটক করা হয়েছে।
ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার ডিপো পরিচালনার দায়িত্ব গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানি (গ্যাটকো) নামের একটি প্রতিষ্ঠানকে দেওয়ার অভিযোগে দায়ের করা এ মামলাটি গত ১৭ সেপ্টেম্বর জরুরি ক্ষমতা বিধিমালার আওতায় আনা হয়।
গত ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী বাদী হয়ে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেছেন। খালেদা জিয়া ও কোকো ছাড়া এ মামলার অপর ১১ আসামি হলেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দুই সাবেক চেয়ারম্যান কমোডর জুলফিকার আলী পিএসসি ও এএনএম শাহাদত হোসেন, বন্দরের সাবেক পরিচালক (পরিবহণ) এএম সানওয়ার হোসেন, বন্দরের ওই সময়ের প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা আহমেদ আবুল কাশেম, বন্দরের সাবেক সদস্য লুৎফুল কবীর, সাবেক নৌ পরিবহণমন্ত্রী প্রয়াত আকবর হোসেনের স্ত্রী জাহানারা আনসার ও তার ছেলে ইসমাইল হোসেন সায়মন, গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানির (গ্যাটকো) চার পরিচালক সৈয়দ গালিব আহমেদ, সৈয়দ তানভির আহমেদ, এ কেএম মুসা কাজল, এহসান ইউসুফ।
মামলার অভিযোগে বলা হয়, চট্টগ্রাম বন্দর ও কমলাপুরের অভ্যন্তরীণ কন্টেইনার ডিপোতে (আইসিডি) ঠিকাদার নিয়োগের জন্য ২০০৩ সালের ১ মার্চ দরপত্র ডাকা হয়। কিন্তু অভিযুক্তরা পারস্পরিক যোগসাজশে ঠিকাদারের অভিজ্ঞতাসহ দরপত্রের অন্যান্য শর্ত পূরণ না করেই গ্লোবাল অ্যগ্রো ট্রেড কোম্পানিকে কাজ পাইয়ে দেন। এ দুর্নীতির ঘটনায় সরকারের এক হাজার কোটিরও বেশি টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়।
২০ সেপ্টেম্বর এ মামলায় খালেদা জিয়ার জামিন চেয়ে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে আবেদন করা হয়। কিন্তু আদালত জামিন আবেদন শুনানির জন্য গ্রহণ করেননি।
এর আগে গত ৩ সেপ্টেম্বর এ মামলায় খালেদা জিয়াকে গ্রেপ্তার করে ঢাকার মূখ্য মহানগর হাকিমের আদালতে নিয়ে আসা হলে তার জামিন আবেদন নথিভুক্ত করে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। পরে ১২ সেপ্টেম্বর আবার একই আদালতে (সিএমএম আদালতে) তার আইনজীবীরা জামিন চাইলে জামিনের আবেদন শুনানি গ্রহণের এখতিয়ার নেই বলে মূখ্য মহানগর হাকিম জালাল আহমেদ আবেদনটি ফিরিয়ে দেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএসবি/জিএনএ/২০২২ ঘ.
bdnews24