ঢাকা, সেপ্টেম্বর ২০(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশের দুই শীর্ষ নেত্রী সর্ম্পকে যুক্তরাষ্ট্রের উপ-সহকারি পররাষ্ট্র মন্ত্রী জন গ্যাস্ট্রাইটের বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপি দলীয় সাবেক সাংসদ অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান।
বৃহস্পতিবার গনমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, "গত দুইদিন গ্যাস্ট্রাইটের সব কর্মকাণ্ডে দেশের রাজনীতি এবং বিশেষ করে বিএনপি ও দেশনেত্রী খালেদা জিয়ার সর্ম্পকে তাদের মনোভাব দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠেছে।"
বিবৃতিতে তিনি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের সর্বাত্মক সহযোগিতাও প্রত্যাশা করেন।
একই সঙ্গে দলের নেতা-কর্মীদের খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা বলেন, ''দলের কাউকে নেত্রীর পক্ষে কাজ করা বা ভারপ্রাপ্ত অথবা নির্দেশপ্রাপ্ত চেয়ারম্যান করার কোনো প্রকার চাপ সৃষ্টি করবেন না। এই চাপ খালেদা জিয়াকে দল বিচ্ছিন্ন করে তথাকথিত 'মাইনাস টু থিওরি' বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখবে।"
সেক্ষেত্রে মার্কিন উপ সহকারি পররাষ্ট্র মন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী 'নেত্রী সাধারণ ব্যক্তিতে পরিণত হবেন' বলেও মন্তব্য করেন আখতারুজ্জামান।
তিনি রাজনীতি থেকে খালেদা জিয়াকে বিচ্ছিন্ন করার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতা-কর্মীদের সর্তক থাকারও আহবান জানিয়ে বলেন, "খালেদা জিয়া জেলে বা যেখানে যে অবস্থাতেই থাকুক না কেনো তিনিই আমাদের নেত্রী। মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন নেত্রীর নির্দেশে দল চালাচ্ছেন। সবাইকে তার নির্দেশ মেনে চলতে হবে।''
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এমএ
bdnews24