ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - আওয়ামী লীগের সংস্কারপন্থী নেতাদের লাঞ্ছিত করার ঘটনা তদন্তে গঠিত এক সদস্যের কমিটির কাছে নির্দেশদাতাদের নামের একটি তালিকা জমা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুকুল বোস। একই তালিকা দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানকেও দেওয়া হয়েছে।
বুধবার তদন্ত কমিটির প্রধান সৈয়দা সাজেদা চৌধুরীর কাছে তালিকা জমা দেওয়া শেষে মুকুল বোস সাংবাদিকদের জানান, হামলাকারীদের তিনি চিনতে না পারলেও যারা পাশ থেকে নির্দেশ দিয়েছেন তাদের চিনতে পেরেছেন। আর চিহ্নিত এই নির্দেশ দাতাদের নাম তিনি পৃথকভাবে তদন্ত কমিটির প্রধান এবং দলের ভারপ্রাপ্ত সভাপতির কাছে জমা দিয়েছেন।
তিনি জানান, তদন্ত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য দেননি তিনি।
মুকুল বোস বলেন, "যারা হামলা করেছে তাদের আমি চিনতে পারিনি। কিন্তু, কার্যালয়ের গেটের সামনে দাঁড়িয়ে যারা গাড়ি ভাংচুর, হামলার নির্দেশ ও ইশারা দিয়েছেন তাদেরকে চিনতে পেরেছি।"
তিনি বলেন, "তদন্ত কমিটির কার্যক্রম নিয়ে আমাদের কোন আপত্তি নেই।" সুষ্ঠু তদন্তের স্বার্থে সময় বাড়ানোকেও তারা ইতিবাচক দৃষ্টিতে দেখছেন বলে মুকুল বোস জানান।
১২ সেপ্টেম্বর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকের পর ধানমন্ডির কার্যালয়ের সামনে কয়েকজন সংস্কারপন্থী সিনিয়র নেতা লাঞ্ছিত হন। এ ঘটনা তদন্তে দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীকে প্রধান করে এক সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
কমিটি এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও স্বচ্ছ ও যথাযথ তদন্তের স্বার্থে সময় আরো এক মাস বাড়ানো হয়েছে। এ ছাড়া বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিক সাক্ষ্য গ্রহণ স্থগিত করা হয়েছে।
বুধবার তৃতীয় দিনের তদন্ত শেষে সাংবাদিকদের জানানো হয়, দলের ভারপ্রাপ্ত সভাপতির পরামর্শক্রমে এ তদন্তের সময় বাড়ানো হয়েছে। এদিন ঘটনার প্রত্যক্ষদর্শী সুবিদ আলী ভূঁইয়া লিখিত সাক্ষ্য দেন।
এ বিষয়ে সাজেদা চৌধুরী বলেন, "রমজানের কারণে অনেকে সাক্ষ্য দিতে আসছেন না। তাছাড়া প্রত্যক্ষদর্শী অনেকেই বর্তমানে ঢাকা বা দেশের বাইরে রয়েছেন ফলে তাদের সাক্ষ্য নেওয়া যাচ্ছে না। তাই ভারপ্রাপ্ত সভাপতিকে বলে আরো এক মাস সময় নিয়েছি।"
তিনি জানান, বৃহস্পতিবার থেকে কমিটি আর আনুষ্ঠানিকভাবে দলীয় কার্যালয়ে বসে সাক্ষ্য নেবে না। কেউ সাক্ষ্য দিতে চাইলে তার বাসায় গিয়ে দিয়ে আসবে।
তদন্তের স্বার্থে কমিটি ভিডিও ফুটেজ সংগ্রহ করতে বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলের কাছে চিঠি দেবেন বলে সাজেদা চৌধুরী জানিয়েছেন। এছাড়া ওইদিন প্রকাশিত পত্রিকার ছবিও সংগ্রহ করবেন বলে তিনি জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএসবি/এমএ/২১৫১ ঘ.
bdnews24