ঢাকা, ০১ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - শেখ হাসিনা যদি স্বেচ্ছায় সভানেত্রীর পদ ছেড়ে দেন তাহলে আওয়ামী লীগ তাকে আরো বড় কিছু দেবে বলে মনে করেন দলটির সভাপতিমন্ডলীর সদস্য আমির হোসেন আমু।
শনিবার ইস্কাটনে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি বলেন, "তাকে (শেখ হাসিনাকে) মনে রাখতে হবে যে বঙ্গবন্ধুর কন্যা হিসাবে তিনি আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্ব নিয়েছিলেন।"
দলের সভাপতিমন্ডলীর অন্য তিন সদস্য আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ ও সুরঞ্জিত সেনগুপ্তের দেয়া সংস্কার প্রস্তাবের সঙ্গেও সহমত পোষণ করেন আমু।
সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর টানা চতুর্থদিনের মতো সাংবাদিকদের সঙ্গে কথা বললেন তিনি।
দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছেন কিনা - এই প্রশ্নের উত্তরে আমু বলেন,"জিল্লুর রহমানের নেতৃত্বের প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে।"
শেখ হাসিনা অন্তরীণ অবস্থায় নির্বাচন হলে আওয়ামী লীগের নেতৃত্বের পরিবর্তন হবে কিনা জানতে চাইলে আমু বলেন,"এখন দলে নেতৃত্ব পরিবর্তনের কোনো সিদ্ধান্ত নেই।"
শেখ হাসিনা যদি 'মাইনাস' ফর্মূলায় পড়ে যান তাহলে কি হবে ? তিনি বলেন,"মাইনাস ফর্মূলা কি আমি তা জানি না।"
একই সঙ্গে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর এই সদস্য বলেন,"বঙ্গবন্ধু দলের সভাপতি না থাকলেও কিছু আসতো যেতো না। শেখ হাসিনা হলেন বঙ্গবন্ধুর মেয়ে। এটাই তার সবচেয়ে বড় পরিচয়।"
শেখ হাসিনার সবচেয়ে বড় পরিচয় যদি হয়ে থাকে তিনি বঙ্গবন্ধুর কন্যা, তাহলে কি তার রাজনৈতিক যোগ্যতা নেই? জবাবে আমু বলেন,"এখানে তো মাপকাঠি বিচারে বসিনি। তবে, এতদিন তো তিনি দল ভালোই চালিয়েছেন।"
নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা প্রসঙ্গে আমু বলেন, নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক চিঠি পেলে আওয়ামী লীগ দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। দলের সিদ্ধান্ত যা-ই হোক না কেন তার প্রতি তিনি অবিচল থাকবেন। দ্বিমত পোষণ করবেন না।
তিনি বলেন,"আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই। এটা আপনারা (সাংবাদিকরা) কেন বলেন ? দলীয় সিদ্ধান্ত না মেনে কেউ বেরিয়ে গেলেই সেটাকে বিভক্তি বলা যায়।"
আওয়ামী লীগ ক্ষমতায় গেলে এই সরকারের সকল কর্মকান্ডের বৈধতা দেবে বলে শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছিলেন তা দলীয় সিদ্ধান্ত ছিল কিনা জানতে চাইলে আমু বলেন,"উনি যা বলেছিলেন তা আলোচনা করে বলেননি। আবার আমেরিকায় গিয়ে দু'দিন পর যা বলেছিলেন তাও দলের সঙ্গে আলোচনা করে বলেননি। আমি এটাকে দলীয় সিদ্ধান্ত বলবো না। তবে, এই বছরের তিন মার্চ সর্বশেষ কার্যনির্বাহী সংসদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, আমরা এই সরকারকে সহায়তা দেবো।"
শেখ হাসিনাকে আটক করা হলেও আরেক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপিত হচ্ছে না। এজন্য আওয়ামী লীগ সভানেত্রী অভিযোগ করেছেন যে, সরকার দু'দলের সঙ্গে সমান আচরণ করছে না। শেখ হাসিনার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমুর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন,"আমি এভাবে বলবো না। তাদের বিরুদ্ধে যে কয়টা মামলা দেওয়া হয়েছে , আমাদের বিরুদ্ধে ততগুলো মামলা দিতে হবে। আবার তাদের যতজনকে গ্রেফতার করা হয়েছে আমাদের ততজনকে গ্রেফতার করতে হবে।"
বিগত সরকারের সময় যারা দুর্নীতি, লুটপাট ও নারী-নির্যাতনের সঙ্গে জড়িত ছিল তাদের বিচারের দাবি জানিয়ে আমু বলেন,"এই সরকার ক্ষমতা নেওয়ার আগে যা বলেছিলো তার বাস্তবায়ন চাই।"
শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা পুরনো মামলাগুলো পুনরায় চালু করা হচ্ছে। হাসিনার ওপর চাপ প্রয়োগের জন্যই এগুলো করা হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন,"যে সময়ে মামলাগুলো দায়ের করা হয়েছে সে সময়ের আইনেই বিচার কার্যক্রম পরিচালনা করা উচিত।"
গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনার পেছনে আওয়ামী লীগের ইন্ধন ছিল। এ বিষয়ে আমু বলেন, এই ঘটনার পেছনে দলগতভাবে আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা ছিল বলে তিনি মনে করেন না।
তারেক রহমান কোনো রকম দুর্নীতির সঙ্গে জড়িত নয় বলে খালেদা জিয়া দাবি করেছেন , সে সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে আমু পাল্টা জানতে চান, ১/১১ - এর পর বিভিন্ন জাতীয় দৈনিকে বিগত পাঁচ বছরের দুর্নীতি নিয়ে যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে সে সম্পর্কে খালেদা জিয়ার বক্তব্য কি ? এরমধ্যে সরকারী তহবিলেও কিছু কালো টাকা জমা পড়েছে। সে বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী কি বলবেন ?
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএ/১৫৪০ঘ.
bdnews24