ঢাকা,আগস্ট ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ১ সেপ্টেম্বর শনিবার। জরুরি অবস্থার কারণে রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা থাকায় বিএনপি এবার সীমিতভাবে দিবসটি পালন করবে।
দিবসটি উপলক্ষে দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব আবদুল মান্নান ভুঁইয়া পৃথক বার্তায় দলের নেতা-কর্মী ও জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন।
বিএনপির একদিনের ঘোষিত কর্মসূচির মধ্যে আছে, ভোরে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সকাল সাড়ে ১০টায় শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ। খালেদা জিয়া, আবদুল মান্নান ভুঁইয়াসহ ঊর্ধ্বতন নেতারা সকালে জিয়ার কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন।
বিএনপির যুগ্মমহাসচিব নজরুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "সরকারের দেওয়া শর্তে একসঙ্গে ২০ করে নেতাকর্মী জিয়ার কবরে সারিবদ্ধ ও শৃঙ্খলাপূর্ণভাবে পুস্পমাল্য অপর্ণ করতে পারবেন। এ সময়ে কোনো ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড বহন এবং শ্লোগান ও মিছিল সহকারে কবরে আসা যাবে না।"
প্রতিষ্ঠাবার্ষিকী পালনের জন্য বিএনপির পক্ষ থেকে গত ২৫ আগস্ট দুইদিনের কর্মসূচির জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে আবেদন করা হয়। সেই আবেদনে পুষ্পমাল্য অর্পণ, ত্রাণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠানের কথা লেখা ছিল। গত বুধবার আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে বিএনপির প্রতিষ্ঠার্বাষিকীতে কেবল জিয়ার কবরে ফুল দিতে দেওয়ার সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে কমিটির চেয়ারম্যান আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন সাংবাদিকদের জানান, ''প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রয়াত রাষ্ট্রপতির কবরে পুষ্পমাল্য অর্পণের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে কোনো ব্যানার বহন করা যাবে না। এছাড়া আলোচনা সভা করার কোনো অনুমতি দেওয়া হয়নি।''
তবে বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে সারা দেশে বিএনপির নেতৃবৃন্দকে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া পৃথক বার্তায় যথাযোগ্য মর্যাদার সঙ্গে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের জন্য নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন। খালেদা জিয়া তার বাণীতে দলের প্রতিষ্ঠাতার আর্দশ ও কর্মসূচি বাস্তবায়নে দলের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচবি/১৯০৭ ঘ.
bdnews24