ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- নির্বাচনী আইন সংস্কার নিয়ে আলোচনার জন্য আগামি সপ্তাহেই রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে নির্বাচন কমিশন। একই সঙ্গে তারা সংস্কার আইনের খসড়াও দলগুলোর কাছে পাঠাবে।
সোমবার বিকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা তার কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
সিইসি বলেন, "আমরা প্রস্তাবিত তারিখ দিয়ে রাজনৈতিক দলগুলোকে ডাকবো। তবে কোনো অসুবিধা থাকলে তারা কোন তারিখে আলোচনায় বসতে পারবে, তা আমাদের জানাবে। এটি সমঝোতা সাপেক্ষ, এ নিয়ে কোনো অসুবিধা হবে না।"
এ মাসেই ঘরোয়া রাজনীতি চালু না হলে কমিশন সরকারকে আবারো এ জন্য অনুরোধ করবে- এ তথ্য জানিয়ে সিইসি বলেন, "আমরা নির্বাচনের যে রোডম্যাপ দিয়েছি, সে অনুযায়ী সেপ্টেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের আলোচনা শুরু করার কথা। আমি আশা করি, এর মধ্যেই ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। আমরা তো সরকারের সঙ্গে আলোচনা করেই রোডম্যাপ দিয়েছি।"
সরকারের কাছ থেকে তিনি এ বিষয়ে এখনো কিছু শোনেননি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, "যদি ৩০ আগস্টের মধ্যে ঘরোয়া রাজনীতি চালু না হয়, তা হলে এ বিষয়ে সরকারকে আমাদের অনুরোধ করতেই হবে।"
সংস্কার নিয়ে বিভেদপূর্ণ নেতৃত্বের কারণে কমিশনের সঙ্গে আলোচনায় কোনো সমস্যা হবে কী না, তা জানতে চাইলে শামসুল হুদা বলেন, "আমার মনে হয়, এটি প্রধান দুই দলের সমস্যা। অন্য দলগুলোতে এই সমস্যা তেমন নেই। আমরা ভেবেছি, আলোচনার জন্য বর্ণানুক্রমে রাজনৈতিক দলগুলোকে ডাকবো। কিন্তু তারা (বড় দুই দল) যদি মনে করে, এ জন্য এখনো প্রস্তুত না, তাহলে তাদের পরে ডাকা হবে।"
ভোটার তালিকার কাজ সফলভাবে চলছে উল্লেখ করে সিইসি বলেন, ছবিসহ তালিকায় ভোটারের আঙুলের ছাপ থাকছে বলে এতে কারচুপি হওয়ার কোনো সুযোগ নেই।
প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপি এরই মধ্যে প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, তাদের পক্ষে ঘরোয়া রাজনীতি ছাড়া নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় বসা সম্ভব নয়। কেননা নির্বাচনী সংস্কার আইন নিয়ে তাদের দলের মধ্যেও আলোচনা করা প্রয়োজন।
এর আগে আলোচনার পরিবেশ সৃষ্টির প্রশ্নে সিইসি গত ৪ এপ্রিল আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার অনুরোধ জানান। আর পরদিন ৫ এপ্রিল এক সংবাদ সম্মেলনে তিনি সংস্কার আইনের খসড়া প্রকাশ করেন।
১৫ জুলাই নির্বাচনের বহুল প্রতীক্ষিত 'রোডম্যাপ'ঘোষণা করা হয় ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এসকে/১৭৫৯ ঘ.
bdnews24