ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- শেখ হাসিনার বিরুদ্ধে ৫ কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ব্যবসায়ী নুর আলীর মামলাটি জরুরি বিধিমালায় অন্তর্ভুক্ত করার বৈধতা চ্যালেঞ্জ করে রোববার হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
হাসিনার সম্পত্তির হিসাব চেয়ে দুর্নীতি দমন কমিশনের পাঠানো নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করেও একই সময়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
রোববার দুুপুরে বিচারপতি শাহ আবু নাইম মোমিনুর রহমান ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর বেঞ্চে শেখ হাসিনার পক্ষে পৃথক রিট আবেদন দুটি দায়ের করেন ব্যারিস্টার রফিক উল হক।
ব্যারিস্টার হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন," দুটি রিট আবেদন দায়ের করেছি। এর আগে সকালে রিট দায়েরের অনুমতি নিয়েছিলাম।"
তিনি বলেন রোববার রিট দুটির শুনানির সম্ভাবনা কম। না হলে সোমবার শুনানি হবে।
এর আগে সকালে শেখ হাসিনার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে একই বেঞ্চ পৃথক রিট আবেদন দুটি দায়েরের অনুমতি দেয়।
গত ১৩ জুন ব্যবসায়ী নুর আলী তেজঁগাও থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর চাচাতো ভাই শেখ হেলাল এবং তার স্ত্রী রুপা চৌধুরীর বিরুদ্ধে ৫ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন। সরকার এই মামলাটি ১৬ জুলাই (শেখ হাসিনার গ্রেপ্তার হওয়ার দিন) জরুরি ক্ষমতা আইনের অন্তর্ভুক্ত করে । এই মামলায় ২৯ জুলাই শেখ হাসিনাকে গ্রেপ্তার দেখানো হয়।
সম্পত্তির হিসাব চেয়ে পাঠানো নোটিশ প্রত্যাহার করার জন্য শেখ হাসিনা ৩১ জুলাই দুর্নীতি দমন কমিশনের কাছে উকিল নোটিশ পাঠান। রোববার সকাল সাড়ে ১০টার মধ্যে এই নোটিশের জবাব দেয়ার জন্য শেষ সময় নির্ধারণ করে দেয়া ছিল। দুর্নীতি দমন কমিশন এই সময়ের মধ্যে জবাব না দেয়ায় দুপুরে নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়। একজন উপ-পরিচালক পদমর্যাদার কর্মকর্তা সাবেক প্রধানমন্ত্রীকে নোটিশ দিতে পারেন কিনা শেখ হাসিনার আইনজীবী এ নিয়ে প্রশ্ন তুলেছেন।
এ বিষয়ে জানতে চাইলে দুদক চেয়ারম্যান লে. জেনারেল (অব) হাসান মশহুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, রিট সম্পর্কে তিনি কিছূ জানেন না। তিনি মনে করেন, এক্ষেত্রে দুদকের জবাবদিহি করার বিশেষ কিছু নেই। হাসান মশহুদ বলে "মনে করুন, আপনি দুদক। আমার সম্পত্তির হিসাব চাইলেন। আমি ভান করছি, গড়িমসি করছি। তাহলে কী প্রকাশ পায়?"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এএইচডি/এসকে/এমআইএম/এমএইচবি/২২২৮ ঘ.
bdnews24