ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) তার সম্পত্তির হিসাব দাখিল করার সময়সীমা ৭ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে।
খালেদা জিয়ার আইনজীবী আহমেদ আজম বুধবার দুদকে এসে সচিবের কাছ থেকে সময় বাড়ানোর চিঠি গ্রহণ করেন।
আহমেদ আজম সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া নির্ভুল ও নিখুঁতভাবে সম্পদের বিবরণী জমা দিতে চান। তাই সময়ের প্রয়োজন। এ জন্য আবেদন করেছিলাম, সময় পেয়েছি।
কমিশনের সচিব মো. মোকলেস-উর-রহমান জানান, গত সোমবার খালেদা জিয়ার আইনজীবী ৭ দিনের সময় চেয়ে আবেদন করেন। দুদকের বিধি অনুযায়ী এ আবেদন মঞ্জুর করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৮ জুলাই বেগম খালেদা জিয়া নিজ হাতে দুদকের নোটিশ গ্রহণ করেন। ২৮ জুলাইয়ের মধ্যে তাকে হিসাব বিবরণী জমা দিতে বলা হয়। তার আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন তাকে হিসাব জমা দিতে আরও সাত কর্মদিবস সময় বাড়িয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ডিডি/এমএইচবি/০২১৯ ঘ.
bdnews24