২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সঙ্গে কোনো জোট নয়: হাসিনা

লন্ডন থেকে দেশে ফেরার প্রায় দুই সপ্তাহ পরে দেশের রাজনৈতিক হালচাল ও পরিস্থিতি নিয়ে আবারও মুখ খুললেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ভারতের বেসরকারি টেলিভিশন সিএনএন আইবিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, কোনো ধরনের রাজনৈতিক প্রয়োজনেই বিএনপির সঙ্গে একযোগে কাজ করবে না আওয়ামী লীগ। যতদ্রুত সম্ভব দেশে নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন হাসিনা। অতীতে সামরিক শাসনের ফলে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে বলেও তিনি মন্তব্য করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2007, 07:50 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

সিএনএন আইবিএন: ঠিক কখন নির্বাচন হওয়া উচিত বলে আপনি মনে করেন?

শেখ হাসিনা: এ প্রশ্ন করা হলে আমি বলব --যত শিগগির সম্ভব নির্বাচন চাই। সম্ভব হলে এক্ষুণি। তাদের দেরি করা উচিত নয়, জনগণের সময় নষ্ট করার অধিকার তাদের নেই।

সিএনএন আইবিএন: বাংলাদেশে আবার কবে গণতন্ত্র ফিরে আসবে বলে আপনি মনে করেন?

শেখ হাসিনা: অতীতে, ঠিক করে বললে ১৯৭৫ সালের পরে আমরা সামরিক শাসন দেখেছি--আমরা দেখেছি প্রতিটি প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করেছে। সংস্কারের নামে এ তত্ত্বাবধায়ক সরকারেরও সময় নষ্ট করা উচিত নয়। জনগণকে তাদের সরকার বেছে নেওয়ার সুযোগ দেওয়া উচিত।

সিএনএন আইবিএন: এখনই?

শেখ হাসিনা: হ্যা এখনই।

সিএনএন আইবিএন: কিন্তু তারা যে বলছে ভোটগ্রহণের প্রস্তুতি এখনও শেষ হয়নি।

শেখ হাসিনা: আপনারা দেখেছেন গত চার মাস ধরে তারা একই কথা বলে যাচ্ছে। এখন যদি শুধু ভোটের প্রস্তুতি নেওয়ার কথা বলে দেরি করতে থাকে-- আমি ধরেই নেব সেটি সময়ক্ষেপণের একটি কৌশল। কিন্তু এ কৌশল আর ব্যবহার করা যাবে না--জনগণ বোকা নয়।

সিএনএন আইবিএন: অন্তবর্তীকালীন সরকার সম্পর্কে বলা হচ্ছে যে, তারা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তারা বিএনপির নেতাদের অনেককে গ্রেপ্তার করেছে, আপনার দলেরও গ্রেপ্তার হয়েছেন অনেকে। আদালতে প্রমাণ হলে আপনার দল থেকে কী দুর্নীতিগ্রস্ত নেতা--কর্মীদের বের করে দেবেন?

শেখ হাসিনা: তারা প্রথম যখন দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিল, আমরা তাদের সমর্থন দিয়েছিলাম। কিন্তু এখন তারা কী করছে? অনেক দুর্নীতিবাজই এখন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আমি যখন বাইরে ছিলাম, তখন শুনেছি আমার ব্যাংক হিসাবের খোঁজ নেওয়া হয়েছে। ঠিক আছে, আমার অথবা বিএনপির প্রধান নেতার প্রতিটি ব্যাংক একাউন্ট পরীক্ষা করে প্রকাশ করুন কার হিসাবে কত টাকা আছে।

সিএনএন আইবিএন: এই তথ্য জনগণের সামনে প্রকাশ করা উচিত।

শেখ হাসিনা: অবশ্যই।

সিএনএন আইবিএন: আওয়ামী লীগের কী বিএনপির সঙ্গে কোনো রাজনৈতিক মোর্চা গঠনের সম্ভাবনা রয়েছে।

শেখ হাসিনা: না। বিএনপির সঙ্গে কখনোই না।