মহাসচিব পদে পরিবর্তনের খবর বিভ্রান্তিমূলক: মান্নান ভূঁইয়া
বিএনপির মহাসচিব পদে পরিবর্তন আসার খবরটিকে বিভ্রান্তিমূলক বলে দাবি করছেন দলের বর্তমান মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া। এক লিখিত বক্তব্যে তিনি নাম উল্লেখ না করেই বলেন, মহাসচিব পদে কথিত পরিবর্তন দলের ঐক্য নষ্ট করতে পারে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয় ব্রিগেডিয়ার (অবঃ) এএসএম হান্নান শাহ শুক্রবার বলেন, দলের বর্তমান মহাসচিব ও স্থায়ী কমিটির পরিবর্তন হবে।
তিনি আরও বলেন, জরুরি অবস্থা জারির পর মহাসচিবের কর্মতৎপরতা দলের অনূকূলে নয়।
বিএনপির মহাসচিব পদে পরিবর্তন আসছে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরটি প্রকাশের পর শনিবার বর্তমান মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার গুলশানের বাসায় ভিড় করেন দলের বেশ কিছু নেতা-কর্মী।
নেতা-কর্মীদের সঙ্গে দেখা করার পর মান্নান ভূঁইয়া সাংবাদিকদের বলেন, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের কোনও বিভ্রান্তিতে না জড়িয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছি।
শনিবার দুপুরে এক লিখিত বক্তব্যে তিনি বলেন, “দেশে জরুরি অবস্থা চলছে। সংবাদ সম্মেলন ও বিবৃতি দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এ কারণেই বিভিন্ন পত্র পত্রিকায় এবং একটি টিভি চ্যানেলে প্রচারিত সাক্ষাৎকারকে জড়িয়ে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তাতে দলের ঐক্য নষ্ট হতে পারে বলে আমি আশঙ্কা করি।”
তিনি বলেন, দলের শুদ্ধি অভিযান ও সংস্কার কার্যক্রম যখন সামনে, তখন গতকালের সাক্ষাৎকার ও বক্তব্যে দলের ঐক্য নষ্ট হতে পারে।
লিখিত বক্তব্যে তিনি বলেন, “জরুরি অবস্থা জারির পর থেকেই বিএনপির চেয়ারপারসনের নেতৃত্বে আত্মশুদ্ধি ও আত্ম উপলব্ধির মাধ্যমে দলে শুদ্ধি অভিযান ও সংস্কারের পদক্ষেপ নেওয়া হয়েছিল। কিন্তু ঘরোয়া রাজনীতি নিষিদ্ধ হয়ে যাওয়ার পর সে কার্যক্রম সাময়িক স্থগিত রাখা হয়। জরুরি অবস্থার কারণে দলের সর্বস্তরে নেতাকর্মীরা যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। তা সত্ত্বেও বিগত সময়গুলোতে দলের অসংখ্য নেতাকর্মী আমার সঙ্গে দেখা করেছেন এবং এখনও করে চলেছেন।”
মান্নান ভূঁইয়া বলেন, “আমি সবসময়ই হঠকারিতা পরিহার করে ধৈর্যধারণ ও ঐক্যবদ্ধ থাকার জন্য তাদের বলেছি।”
মান্নান ভূঁইয়ার সঙ্গে দেখা করতে আসা নেতা-কর্মীদের মধ্যে রয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মাহবুবুর রহমান, ঢাকার মেয়র ও নগর বিএনপির সভাপতি সাদেক হোসেন খোকা, সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর, সাবেক মন্ত্রী ও সাংসদ আবদুল আলীম, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক হুইপ রেজাউল বারী ডিনা, উপ মহাসচিব আশরাফ হোসেন, সাবেক সাংসদ মোজাহার হোসেন প্রমূখ।
আবদুল আলীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি জিয়াউর রহমানের কেবিনেটে মন্ত্রী ছিলাম। বিএনপির এ দুর্দিনে অবস্থায় দলকে কোনওভাবে বিভক্ত করা যাবে না।”
তিনি বলেন, “বেগম জিয়ার সঙ্গে কথা বলার জন্য দলের মহাসচিবকে আমি অনুরোধ করেছি। দলকে সংগঠিত করতে এবং নেতাকর্মীদের মধ্যে নেতৃত্ব নিয়ে যে বিভাজন তৈরি হয়েছে তারও অবসান ঘটাতে অনুরোধ জানিয়েছি তাকে।”
