নওগাঁয় তারেক রহমানের মুক্তি দাবিতে মিছিল, গ্রেপ্তার ১
জরুরি আইন লংঘন করে নওগাঁয় তারেক রহমানের মুক্তি দাবিতে বিক্ষোভ মিছিল করায় যুবদলের সাংগঠনিক সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া বিএনপির ১০ নেতাকর্র্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারেক রহমানের মুক্তির দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেন।
নওগাঁ সদর সার্কেল এসপি নূরুল আমীন জানান, জরুরি আইন লংঘন করে বিক্ষোভ মিছিল করায় পুলিশ বাদী হয়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ১০ নেতার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে। তবে তাদের নাম প্রকাশ করতে তিনি রাজি হননি।
এছাড়া মিছিলে অংশ নেওয়ায় শনিবার রাতে জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম পিন্টু (২৮) ও যুবদল সদস্য উজ্জ্বলকে (৩০) আটক করা হয়। এদের মধ্যে উজ্জ্বলকে জিজ্ঞাসাবাদ শেষে ওই রাতেই ছেড়ে দেওয়া হয়েছে।
