তারেকের বিরুদ্ধে চাঁদাবাজি মামলার অভিযোগপত্র দাখিল
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম--মহাসচিব তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা এক কোটি টাকা চাঁদাবাজি মামলার অভিযোগপত্র রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে দাখিল করা হয়েছে। তবে অভিযোগপত্রের বিষয়বস্তু সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ এনে তারেক রহমানের বিরুদ্ধে গত ৮ মার্চ আহম্মেদ আমিন ভূঁইয়া নামে একজন ঠিকাদার গুলশান থানায় দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করেন। (বিস্তারিত পরে আসছে)
শনিবার মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার এসআই মাহবুব মোর্শেদ নফহবংি২৪.পড়স কে বলেন, “সাক্ষীদের নাম--ঠিকানা ও আলামত এবং নতুন আসামির নাম অন্তর্ভুক্তসহ অভিযোগপত্র তৈরির সব প্রক্রিয়া শেষ হয়েছে। রোববার যথাসময়ে আদালতে তা দাখিল করা হবে।”
অভিযোগ পত্রে কাদের নাম অন্তর্ভুক্ত এবং সাক্ষ্য নেওয়া হয়েছে জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা তা বলতে রাজি হননি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান অঞ্চলের উপ--পুলিশ কমিশনার (এডিসি) বিধান ত্রিপুরা নফহবংি২৪.পড়স কে বলেন, “তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজি মামলাটি আইজিপিসহ পুলিশের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও তত্ত্বাবধান করছেন। এটি স্পর্শকাতর বিষয় হওয়ায় এখন এর বাইরে কিছু বলা যাবে না।”
তবে গুলশান থানা পুলিশের একটি সূত্র জানায়, বহুল আলোচিত এ মামলায় চার জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে। এরা হলেন বাদী আমিন আহম্মেদ ভূঁইয়া, সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাই এবং আমীন আহম্মেদের ছোট ভাই ফারুখ আহম্মেদ ও তার কর্মচারী হুমায়ন কবীর। এছাড়া মামলার বাদী তারেক রহমানকে চাঁদা দেওয়ার জন্য ব্যাংক থেকে যে এক কোটি টাকা তুলেছেন তার প্রমাণ হিসাবে প্রয়োজনীয় কাগজপত্রও আদালতে উপস্থাপন করা হবে। বাদী ঢাকা ব্যাংক বনানী শাখা থেকে ওই টাকা তোলেন বলে এজাহারে উল্লেখ করেছেন।
পুলিশের একটি সূত্র জানায়, তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজি মামলার তদন্ত অত্যন্ত সতকর্তার করা হচ্ছে। অভিযোগপত্র আদালতে দাখিলের আগে তা একাধিক সিনিয়র আইনজীবীকে দেখানো হয়েছে।
যৌথবাহিনীর সদস্যরা ৭ মার্চ রাতে খালেদা জিয়ার মঈনুল সড়কের বাসা থেকে তারেক রহমানকে গ্রেপ্তার করে। এর পরই আমিন আহম্মেদ ভূঁইয়া গুলশান থানায় তারেকের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে চাঁদাবাজির মামলা দায়ের করেন। এছাড়া কাফরুল থানায় তার বিরুদ্ধে একটি জিডিও করা হয়।
চাঁদাবাজি মামলার বাদী এজাহারে বলেছেন, তারেক রহমান ৪ জানুয়ারি তাকে হাওয়া ভবনে ডেকে নিয়ে বলেন, ঠিকাদারি করতে হলে তাকে নিয়মিত চাঁদা দিতে হবে। তিনি এ সময় এক কোটি টাকা দাবি করেন। ভয় পেয়ে আমিন আহম্মেদ এক কোটি টাকা দিতে রাজি হন।
এরপর তিনি বন্ধু ক্যাপ্টেন (অব.) সবুরকে সঙ্গে নিয়ে এক কোটি টাকার একটি ব্যাংক চেক দিতে তারেক রহমানের কাছে যান। কিন্তু তারেক নগদ টাকা দাবি করেন। পরে বাদীর ভাই ফারুখ আহম্মেদ দুটি ব্রিফকেসে করে এক কোটি টাকা হাওয়া ভবনে গিয়ে তারেকের সহযোগী অপুর কাছে দিয়ে আসেন। পরদিন তারেক টাকা পেয়েছেন বলে তাকে জানান।
আমিন আহম্মেদ ভূঁইয়া সদ্য বাতিল হওয়া জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী--২ (চাটখিল) আসনে বিএনপি দলীয় প্রার্থী ছিলেন। তিনি গুলশানে বহুতল বিপণীবিতান উদয় টাওয়ারের মালিক।
